ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৮ জমাদিউস সানি ১৪৪৮

বিএনপির নেতাকর্মীদের নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

জামালপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশ: ১২:১১, ২৪ আগস্ট ২০২৬

বিএনপির নেতাকর্মীদের নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ছবি: ঢাকা এক্সপ্রেস

জামালপুরের মেলান্দহে সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নিয়ে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন দুরমুঠ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় সুধীজনরা।

সোমবার (২৪ আগস্ট) সকালে দুরমুঠ ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে এ সংবাদ সম্মেলন হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন দুরমুঠ ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ রাশেদুজ্জামান অপু, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মিয়া বাদল, শামছুল হক ও শহীদুল্লাহ।

বক্তারা অভিযোগ করেন, ‘জামালপুর হালচাল’ নামের একটি ফেসবুক আইডি থেকে ইউনিয়নের সুধীজন, সুশীল সমাজের প্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষিকা এবং ইমাম-মোয়াজ্জিনদের নিয়ে কটূক্তি ও অপতথ্য ছড়ানো হচ্ছে।

তাদের অভিযোগ, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে তৈরি ছবি ব্যবহার করেও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। একই সঙ্গে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের লক্ষ্য করে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে।

এ ধরনের অপপ্রচারের কারণে এলাকায় সামাজিক ও রাজনৈতিক বিভ্রান্তি তৈরি হচ্ছে বলে দাবি করেন বক্তারা। একই সঙ্গে এর মাধ্যমে মানুষের মধ্যে পারস্পরিক বিরোধ সৃষ্টি হওয়ার আশঙ্কাও রয়েছে বলে জানান তারা।

সংবাদ সম্মেলনে দুরমুঠ ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান সৈয়দ রাশেদুজ্জামান অপু এবং তার ছেলে সৈয়দ সাফায়েত জামান অনিতকে নিয়েও অপপ্রচারের অভিযোগ তোলা হয়।

বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের কারণে ব্যক্তিগত ও সামাজিকভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই অপতথ্য ছড়ানোর সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

এ বিষয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর দেওয়ারও দাবি জানান তারা। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান সংবাদ সম্মেলনে উপস্থিত নেতাকর্মী ও সুধীজনরা।

সংবাদ সম্মেলনে দুরমুঠ ইউনিয়ন বিএনপির নেতাকর্মী, স্থানীয় সুধীজন এবং জেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন