শিরোনাম
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ১২:১৪, ২৪ আগস্ট ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে খুচরা দোকানে সার বিক্রির অভিযোগে একটি ডিলার প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার পাগলার হাট বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বিএডিসির সার ও বীজ ডিলার প্রতিষ্ঠান মেসার্স ফরহাদ অ্যান্ড ব্রাদার্সকে জরিমানা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, বিএডিসির সার ও বীজ ডিলার প্রতিষ্ঠান মেসার্স ফরহাদ অ্যান্ড ব্রাদার্স নির্ধারিত নিয়মের বাইরে খুচরা দোকানে সার বিক্রি করছিল। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিষয়টির সত্যতা পাওয়ার পর বিধিবিধান লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে সংশ্লিষ্টদের সার বিক্রি ও বিতরণের ক্ষেত্রে সরকারি নির্দেশনা এবং প্রচলিত বিধিবিধান যথাযথভাবে মেনে চলার জন্য সতর্ক করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কৃষকদের কাছে সরকারি বরাদ্দের সার যথাযথভাবে পৌঁছে দেওয়া এবং সার বিক্রিতে অনিয়ম বন্ধ করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে নির্ধারিত ডিলার ছাড়া অন্যত্র বা অননুমোদিত উপায়ে সার বিক্রি করা হচ্ছে কি না, তা নিয়মিতভাবে খতিয়ে দেখা হবে।
অভিযানে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেব নাথ, কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল আল মামুন, সহকারী কমিশনার ভূমি আমিনুল হক তারেক, ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন, ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিম উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, সদস্যসচিব শহিদুল ইসলাম আকন্দসহ প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষকদের স্বার্থ রক্ষা এবং সার বাজারে শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
ঢাকা এক্সপ্রেস/এসএস