ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৮ জমাদিউস সানি ১৪৪৮

ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়মের অভিযোগে মানববন্ধন

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ১২:৩২, ২৪ আগস্ট ২০২৬

ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়মের অভিযোগে মানববন্ধন

ছবি: ঢাকা এক্সপ্রেস

নীলফামারীর কিশোরগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির জনবল নিয়োগে অনিয়ম ও দলীয়করণের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন সচেতন নাগরিক ও সাধারণ পরীক্ষার্থীরা। প্রকাশিত ফলাফল বাতিল করে নিরপেক্ষভাবে পুনর্বিবেচনার দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।

রোববার (২৩ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদের সামনে ‘সচেতন নাগরিক মহল’-এর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার সাধারণ পরীক্ষার্থী ও সচেতন নাগরিকরা অংশ নেন।

মানববন্ধনে পরীক্ষার্থী আলামিন ইসলাম, আতাউর রহমান ও আরিফ হোসেন বক্তব্য দেন।

বক্তারা বলেন, সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্প ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড শুমারির জন্য সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। এরপর দুই ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হয়। সাধারণ প্রার্থীরা সময় ও অর্থ ব্যয় করে প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিলেও ফলাফল প্রকাশে দীর্ঘসূত্রতা দেখা দেয় বলে অভিযোগ করেন তারা।

তাদের অভিযোগ, প্রায় ২০ দিন ধরে ফলাফল প্রকাশ নিয়ে নানা ধরনের টালবাহানা করা হয়। কখনো বলা হয়েছে জেলা প্রশাসক ফলাফল প্রকাশ করবেন। আবার কখনো অন্য কারণ দেখিয়ে সময়ক্ষেপণ করা হয়েছে। পরে গত ২০ আগস্ট ফলাফল প্রকাশ করা হলে তা নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রকাশিত নির্বাচিত, রিজার্ভ ও অপেক্ষমাণ তালিকায় বিএনপির নেতাকর্মী, তাদের স্ত্রী ও আত্মীয়স্বজনের নাম বেশি দেখা গেছে। এমনকি কোনো কোনো ক্ষেত্রে একই পরিবারের একাধিক ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে বলেও দাবি করেন তারা।

এ ছাড়া কোনো কোনো ওয়ার্ডে পাঁচজনের বেশি নিয়োগ দেওয়া হলেও অন্য কোনো ওয়ার্ড থেকে কাউকে রাখা হয়নি বলেও অভিযোগ করেন বক্তারা।

তারা প্রকাশিত ফলাফলকে অগ্রহণযোগ্য ও বিতর্কিত আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানান। একই সঙ্গে নিরপেক্ষভাবে ফলাফল পুনর্বিবেচনা করে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়ার দাবি জানান তারা।

বক্তারা বলেন, সাধারণ পরীক্ষার্থীদের মেধা ও যোগ্যতার যথাযথ মূল্যায়ন না করে রাজনৈতিক পরিচয় ও স্বজনপ্রীতির ভিত্তিতে নিয়োগ দেওয়া হলে সরকারি প্রকল্পের মূল উদ্দেশ্য ব্যাহত হবে।

মানববন্ধন থেকে দ্রুত তাদের দাবি পূরণের আহ্বান জানানো হয়। দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন অংশগ্রহণকারী পরীক্ষার্থী ও সচেতন নাগরিকরা।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন