ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৮ জমাদিউস সানি ১৪৪৮

উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষে দুই এমপির বাকবিতণ্ডা

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ১১:০৯, ২৬ আগস্ট ২০২৬

উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষে দুই এমপির বাকবিতণ্ডা

ছবি: ঢাকা এক্সপ্রেস

নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদ ভবনে পরিদর্শন কক্ষ উদ্বোধনকে কেন্দ্র করে দুই এমপির মধ্যে তীব্র বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা ৩টার দিকে এ ঘটনায় উপস্থিতরা মুহূর্তেই হতভম্ব হয়ে পড়েন। পরে বিষয়টি জানাজানি হলে পুরো শহরে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

জানা যায়, উদ্বোধনের সময় নামফলকে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের জাতীয় এমপি হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিমের নাম দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন সংরক্ষিত নারী আসনের এমপি বিলকিস ইসলাম।

এ নিয়ে উভয়ের মধ্যে তীব্র কথা-কাটাকাটি শুরু হয়। পরে পরিদর্শন কক্ষে বসেই প্রায় ঘণ্টাব্যাপী চলে এই বাকযুদ্ধ।

এসময় বিলকিস ইসলাম বলেন, এখানে আমাকে কেন প্রধান অতিথি করা হয়নি? আর ফলকে কেন শুধু একজনের নাম লেখা হয়েছে? এই পরিদর্শন কক্ষ কি শুধু আব্দুল মুনতাকিমের?

এর জবাবে এমপি হাফেজ আব্দুল মুনতাকিম বলেন, এটা ৩৫০ জন জাতীয় এমপির। এখানে সবাই আসবেন, কাজ করবেন। কিন্তু এলাকাটি যেহেতু আমার, তাই ফলকে আমার নামই থাকবে।

এমপি হাফেজ আব্দুল মুনতাকিম আরও বলেন, নারী এমপিদের এলাকা নির্ধারণ করে দেওয়া হয়নি। তাই তাদের জন্য পরিদর্শন কক্ষ নির্দিষ্টও নয়। এ কারণে এভাবে দলবল নিয়ে এসে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার অবতারণা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আপনি যদি অধিকার দেখাতে চান, তাহলে পরিপত্র অনুযায়ী হতে হবে। এমন কোনো ডকুমেন্ট আছে কি আপনার?

এতে ক্ষুব্ধ হন সংরক্ষিত নারী আসনের এমপি বিলকিস ইসলাম। একপর্যায়ে হট্টগোল শুরু হয়। এ সময় বিলকিস ইসলাম বিষয়টি দেখে নেওয়ার চ্যালেঞ্জ করে বলেন, আমার দল সহজ-সরল হলেও আমি নই। কোনো ক্ষেত্রেই ছাড় দেব না। এটা সংসদেও তুলব এবং এমপিগিরি দেখাব। আমি আমার অধিকার আদায় করে নেব। সারাদেশে কোথায়, কীভাবে কী করা হয়েছে, তা আমি জানতে চাই না। সৈয়দপুর ও কিশোরগঞ্জের পরিদর্শন কক্ষে আমার স্থান দিতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহা ফাতেহা তাকমিলা, সহকারী কমিশনার (ভূমি) সাব্বির হোসেন, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহীন আক্তার শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল আলম, এম এ পারভেজ লিটন এবং সৈয়দপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি আলহাজ মাজহারুল ইসলাম।

এ ছাড়া উভয় দলের অন্যান্য নেতাকর্মী, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুধীজন ও সংবাদকর্মীরাও উপস্থিত ছিলেন।

দীর্ঘ সময়ের বাকবিতণ্ডা চলাকালে পরিদর্শন কক্ষে কৌতূহলী সাধারণ মানুষেরও ভিড় জমে। তবে জাঁকজমকপূর্ণ আয়োজনটি হঠাৎই ম্লান হয়ে যায়। পরে মিষ্টিমুখের মাধ্যমে রুক্ষ মুহূর্তের সমাপ্তি ঘটে।

যাওয়ার সময় নারী এমপি বিলকিস ইসলাম কিশোরগঞ্জের সাংবাদিক সাকিরের ওপর চড়াও হন বলে জানা গেছে।

এ ঘটনাকে চরম দৃষ্টিকটু ও বালখিল্য আচরণ হিসেবে দেখছেন অনেকে। সাধারণ মানুষের মধ্যে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে বলেন, এত সম্মানিত ব্যক্তিদের কাছ থেকে এ ধরনের আচরণ কখনোই কাম্য নয়। এমন আচরণের মাধ্যমে তারা নিজেদেরই অপমানিত করেছেন। একই সঙ্গে জনগণের সম্মানও ক্ষুণ্ন করেছেন।

ভবিষ্যতে এ ধরনের হাস্যকর কর্মকাণ্ড থেকে বিরত থাকতে উভয়ের প্রতি আহবান জানিয়েছেন সচেতন মহল।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন