ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৮ জমাদিউস সানি ১৪৪৮

রেডক্রিসেন্টের নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলের জয়

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১২:১১, ২৮ আগস্ট ২০২৬ | আপডেট: ১২:১১, ২৮ আগস্ট ২০২৬

রেডক্রিসেন্টের নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলের জয়

ছবি: ঢাকা এক্সপ্রেস

কুড়িগ্রামে দীর্ঘ ৩০ বছর পর উৎসবমুখর পরিবেশে রেডক্রিসেন্ট সোসাইটি, কুড়িগ্রাম ইউনিটের দ্বিবার্ষিক কার্যনির্বাহী নির্বাচন হয়েছে। এতে বিশাল ব্যবধানে নিরঙ্কুশ জয়লাভ করেছে বিএনপি সমর্থিত ‘শামসুল-মোস্তফা’ প্যানেল।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৯টায় কুড়িগ্রাম দাদা মোড়ে অবস্থিত রেডক্রিসেন্ট সোসাইটি, কুড়িগ্রাম ইউনিটের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় দ্বিবার্ষিক কার্যনির্বাহী নির্বাচনের ভোটগ্রহণ। ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত।

এবারের কার্যনির্বাহী নির্বাচনে দুটি প্যানেল অংশ নেয়। একটি বিএনপি সমর্থিত ‘শামসুল-মোস্তফা’ প্যানেল। অপরদিকে প্রতিদ্বন্দ্বিতা করে এনসিপি সমর্থিত ‘খোকন-মুকুল’ প্যানেল।

নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করে বিএনপি সমর্থিত ‘শামসুল-মোস্তফা’ প্যানেল।

সন্ধ্যা সাড়ে ৭টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ ড. আনোয়ার হোসেন মন্ডল। এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ।

প্রকাশিত ফলাফলে ভাইস চেয়ারম্যান পদে ‘শামসুল-মোস্তফা’ প্যানেলের প্রার্থী শামসুল ইসলাম মন্ডল ৪৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়েত হোসেন খোকন পেয়েছেন ২৫ ভোট।

এছাড়া সেক্রেটারি পদে ‘শামসুল-মোস্তফা’ প্যানেলের প্রার্থী ও কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা ৪৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘খোকন-মুকুল’ প্যানেলের প্রার্থী ও কুড়িগ্রাম জেলা এনসিপির আহবায়ক মুকুল মিয়া পেয়েছেন ২৪ ভোট।

সদস্য পদে ধারাবাহিকভাবে বিজয়ী হয়েছেন হাসান জোবায়ের হিমেল ৪৩৩ ভোট, হাসিবুর রহমান হাসিব ৪৩১ ভোট, শফিকুল ইসলাম বেবু ৪২৭ ভোট, জহুরুল আলম ৪২৬ ভোট এবং কপিল উদ্দিন আহমেদ ৪২৪ ভোট পেয়ে।

নির্বাচিত প্রার্থীরা জানান, রেডক্রিসেন্ট সোসাইটি একটি সামাজিক, মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। তারা নির্বাচিত প্রতিনিধিরা এই মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠনে সঠিক নেতৃত্ব দিয়ে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে সর্বদা থাকবেন। রেডক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবী কার্যক্রম আরও গতিশীল ও সহনশীল করার লক্ষ্যে তাঁরা সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন