শিরোনাম
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ১২:৪৬, ২৮ আগস্ট ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
নীলফামারীর সৈয়দপুরে অভিনব কায়দায় প্রতারণা করে এক শিশুর কাছ থেকে তার পরিবারের উপার্জনের একমাত্র উৎস চার্জার ভ্যান নিয়ে গেছে একটি সংঘবদ্ধ চক্র।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর আড়াইটার দিকে সৈয়দপুর-পার্বতীপুর সড়কের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পাশে আর্মি চেকপোস্ট মোড়ে এ ঘটনা ঘটে।
ঘটনার শিকার শিশুটির নাম রেজওয়ান (১৩)। সে পার্শ্ববর্তী নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার উত্তর বাহাগিলি ডাঙ্গাপাড়ার ওলিয়ার রহমানের ছেলে।
রেজওয়ান জানায়, রংপুরের তারাগঞ্জ উপজেলা বাজার থেকে দুই ব্যক্তি সৈয়দপুরের একটি বাসা থেকে জিনিসপত্র নিয়ে যাওয়ার কথা বলে আরেকটি চার্জার ভ্যানসহ তাকে ভাড়ায় নিয়ে আসে।
রেজওয়ান বলেন, ঘটনাস্থলে এসে তারা আমাকে সড়কের অপর পাশের দোকান থেকে পান আনতে পাঠায়। ফিরে এসে দেখি, আমার ভ্যান ও অপর ভ্যানচালকসহ ওই দুই লোকও নেই। অথচ শুধু চাবি আমার হাতে। আমি এখন কী করব? বাবার অসুস্থতার কারণে তার চার্জার ভ্যানটি ভাড়া মেরে রোজগার করতে এসেছিলাম। এখন শেষ সম্বলটাও হারিয়ে ফেললাম। বাবা-মাকে কী জবাব দেব? আমাদের সংসার কীভাবে চলবে? কী করে ফিরে পাব আমার ভ্যান?
তার কান্নাকাটি দেখে আশপাশের লোকজন এগিয়ে এসে পাশে দাঁড়ান। কিন্তু ততক্ষণে প্রতারকরা তার চার্জার ভ্যান নিয়ে চম্পট দিয়েছে। পরে কয়েকজন শিশুটির আকুতিভরা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।
একজন ভ্যানচালক মোবাইল ফোনে শিশুটির এলাকার এক পরিচিত ভ্যানচালককে বিষয়টি জানান। তার মাধ্যমে খবর পেয়ে অসুস্থ বাবাসহ স্বজনরা ঘটনাস্থলে এসে শিশু রেজওয়ানকে নিয়ে যান।
এদিকে বুধবার (২৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে একই সৈয়দপুর-পার্বতীপুর সড়কের চৌমুহনী বাজারে যাওয়ার আগে, আজকের ঘটনাস্থল থেকে প্রায় ১০০ গজ দূরে খোদা হাফেজ গেটের কাছে মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটে।
এ ঘটনায় শিকার হয়েছেন সৈয়দপুর উপজেলার বাঙালিপুর ইউনিয়নের বাড়াইশালপাড়ার আরিফুজ্জামান ও তার স্ত্রী। তারা ওই সময় সৈয়দপুর শহর থেকে কেনাকাটা শেষে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন।
ফেরার পথে আরিফুজ্জামান ফোনে কথা বলছিলেন। ঘটনাস্থলে পৌঁছামাত্র মোটরসাইকেলে থাকা দুই ছিনতাইকারী পেছন থেকে এসে তার কান থেকে ফোন ছিনিয়ে নিয়ে দ্রুতগতিতে পালিয়ে যায়। এ ঘটনায় তিনি সৈয়দপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজার সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, ফেসবুকে দেখে শিশুর ভ্যান হারানোর বিষয়ে জানতে পেরেছি। কিন্তু কোনো অভিযোগ পাইনি। এ রকম কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। এর পরিপ্রেক্ষিতে শহরজুড়ে পুলিশের টহল বাড়ানো হয়েছে। যেগুলোর খবর পাচ্ছি, সেগুলো নিয়ে আমরা কাজ করছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে এবং জড়িতদের শনাক্ত করতে চেষ্টা করছি।
ঢাকা এক্সপ্রেস/এসএস