ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৮ জমাদিউস সানি ১৪৪৮

তিন দশক শিক্ষাদানের পর শিক্ষকের অশ্রুসিক্ত বিদায়

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১১:০৭, ৩০ আগস্ট ২০২৬ | আপডেট: ১১:০৯, ৩০ আগস্ট ২০২৬

তিন দশক শিক্ষাদানের পর শিক্ষকের অশ্রুসিক্ত বিদায়

ছবি: ঢাকা এক্সপ্রেস

একই বিদ্যালয়ে টানা ৩০ বছর শিক্ষকতা। অসংখ্য শিক্ষার্থীর জীবনের প্রথম পাঠ থেকে শুরু করে মানুষ হয়ে ওঠার পথচলার নীরব সাক্ষী তিনি। দীর্ঘ কর্মজীবন শেষে সহকর্মী, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত হয়ে অবসরে গেলেন নারায়ণগঞ্জের রূপগঞ্জের নুরুল হক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক সাহেদুল হক।

শনিবার (২৯ আগস্ট) সকালে উপজেলার পূবেরগাঁও এলাকায় বিদ্যালয়টির অডিটোরিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তাঁকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। দীর্ঘদিনের সহকর্মীকে বিদায় জানাতে এ সময় বিদ্যালয়ের শিক্ষক, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাবেক শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরজু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল যুবদলের সাবেক সভাপতি মোফাজ্জল হোসেন স্বপন।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলাব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন, সিনিয়র সহসভাপতি মনিরুল ইসলাম সবুজ, সিনিয়র যুগ্ম সম্পাদক নুর মোহাম্মদ মোল্লা, যুগ্ম সম্পাদক সেলিম মোল্লা, আয়োজক কমিটির আহ্বায়ক মোজাম্মেল হক কাজল, সদস্যসচিব আলী আকরাম মোল্লা, অর্থসচিব বাদল মাহমুদ, সদস্য সিহাব মোল্লা ও আব্দুল করিম মিয়াসহ অনেকে। সাবেক শিক্ষার্থী আল আমিন মোল্লাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, একজন শিক্ষক শুধু শ্রেণিকক্ষে পাঠদান করেন না, তিনি একটি প্রজন্মকে গড়ে তোলার দায়িত্ব পালন করেন। শিক্ষকরা জাতির মেরুদণ্ড। তাঁদের হাত ধরেই শিক্ষার্থীরা জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে ওঠে।

তাঁরা বলেন, দীর্ঘ ৩০ বছর একই প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করে সাহেদুল হক শিক্ষার্থীদের শিক্ষা ও মানুষ হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর মতো শিক্ষকদের যথাযথ সম্মান ও ভালোবাসার মধ্য দিয়ে বিদায় জানানো উচিত।

অনুষ্ঠানে দীর্ঘ শিক্ষকতা জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সাহেদুল হক। তিনি সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভালোবাসা ও সম্মানের সঙ্গে বিদায় সংবর্ধনা দেওয়ায় সবার প্রতি ধন্যবাদ জানান তিনি।

দীর্ঘ তিন দশক যে বিদ্যালয়ের সঙ্গে তাঁর কর্মজীবন ও অসংখ্য স্মৃতি জড়িয়ে, সেই প্রিয় প্রতিষ্ঠান থেকে আনুষ্ঠানিক বিদায়ের মধ্য দিয়ে শেষ হলো তাঁর শিক্ষকতা জীবনের একটি অধ্যায়।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন