ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৮ জমাদিউস সানি ১৪৪৮

বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪, আহত ১০

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ০৯:১৯, ১ সেপ্টেম্বর ২০২৬

বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪, আহত ১০

ছবি: ঢাকা এক্সপ্রেস

জামালপুরে রাজীব পরিবহণের বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

সোমবার (৩১ আগস্ট) রাত ৮টার দিকে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের সদর উপজেলার লাহাড়িকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—জামালপুর সদর উপজেলার বাইটকামারী এলাকার মৃত ইউনুস আলীর ছেলে জালাল উদ্দিন (৬০), তুলসীপুর এলাকার মৃত আতাহার আলীর ছেলে মকবুল হোসেন (৬৫), জামালপুর শহরের বজ্রাপুর এলাকার বাসিন্দা ও বাসের সহকারী রুবেল মিয়া (৪৩) এবং বাইটকামারী এলাকার সাদ্দাম হোসেন (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর পৌর শহর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া রাজীব পরিবহণের একটি বাস রাত ৮টার দিকে লাহাড়িকান্দা এলাকায় পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে বাসটি ধাক্কা দেয়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের ওপর উলটে গিয়ে অটোরিকশাটিকে চাপা দেয়।

এতে অটোরিকশার দুজন ও বাসের দুজন ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও ১০ জন। আহত চারজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা বাসের নিচ থেকে চারজনের মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহগুলো জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

স্থানীয়দের অভিযোগ, রাজীব পরিবহণের বাসের বেপরোয়া গতির কারণে এই এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। এর প্রতিবাদে এবং দায়ীদের শাস্তির দাবিতে দুর্ঘটনার পর জামালপুর-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ এলাকাবাসী। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরে রাত ১০টার দিকে সড়ক থেকে বাসটি সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিব বলেন, দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আরও কয়েকজন আহত হয়েছেন। নিহতদের মরদেহ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন