শিরোনাম
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ০৯:২৭, ২ সেপ্টেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
জামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিজ ঘরের বিদ্যুতের সংযোগ মেরামত করতে গিয়ে দেওয়ানগঞ্জে মা ও ছেলের মৃত্যু হয়। অন্যদিকে, মেলান্দহে মাদ্রাসার টিনের চালে উঠতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) রাতে দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদসংলগ্ন পুরাতন রেললাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন রেললাইন এলাকার আব্দুর রশিদের ছেলে রাজু (১৪) ও তার স্ত্রী লাকী আক্তার (৪০)।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। সেটি মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন রাজু। ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে তার মা লাকী আক্তারও বিদ্যুতায়িত হন।
এসময় পুত্রবধূ ও নাতিকে বিপদে পড়ে থাকতে দেখে তাদের উদ্ধারে এগিয়ে যান দাদি বুলি বেগম। এতে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাজু ও লাকী আক্তারের মৃত্যু হয়। সংকটাপন্ন অবস্থায় বুলি বেগমকে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান, বিদ্যুৎস্পৃষ্টের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।
এদিকে, মঙ্গলবার বিকেলে জেলার মেলান্দহেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহতের নাম জুনায়েদ ইসলাম তায়েফ। তিনি কোনামালঞ্চ আমেনা দাখিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী এবং মেলান্দহ থানার হাজরাবাড়ী এলাকার সোলাইমান হোসেনের ছেলে।
মেলান্দহ থানার উপপরিদর্শক (এসআই) মো. রেজাউল করিম জানান, বিকেলে মাদ্রাসার একটি ঘরের টিনের চালে উঠেছিলেন জুনায়েদ। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঢাকা এক্সপ্রেস/এসএস