ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৮ জমাদিউস সানি ১৪৪৮

অবৈধ বালু উত্তোলনের হিড়িক, তলাশূন্যের পথে চিতলমারী

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১০:৫০, ৫ সেপ্টেম্বর ২০২৬

অবৈধ বালু উত্তোলনের হিড়িক, তলাশূন্যের পথে চিতলমারী

ছবি: ঢাকা এক্সপ্রেস

বাগেরহাটের চিতলমারীতে লাইসেন্স ও রুট পারমিটহীন বলগেট এবং অবৈধ ড্রেজার দিয়ে ভূগর্ভ থেকে বালু উত্তোলনের মহোৎসব চলছে। প্রশাসনের জরিমানার পরও উপজেলার ১০ থেকে ১২ জন চিহ্নিত ড্রেজার (বালু উত্তোলনের মেশিন) ও বলগেট মালিক ভূগর্ভ থেকে প্রতিদিন হাজার হাজার ঘনফুট বালু উত্তোলন ও পরিবহন করছেন। অভিজ্ঞদের মতে, এতে চিতলমারী তলাশূন্য হচ্ছে। ফলে পরিবেশ চরম হুমকির মুখে পড়ছে।

অপরদিকে, ছোট খালে বড় বলগেট দিয়ে বালু পরিবহন করায় দুটি পাকা গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। লাইসেন্স ও রুট পারমিটহীন বলগেট এবং অবৈধ ড্রেজার দিয়ে ভূগর্ভ থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে এলাকাবাসী জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরসহ বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করেছেন। তাঁরা অবৈধ বালু কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে বলে জানিয়েছেন চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার।

অভিযোগপত্রে জানা গেছে, দুটি পাইপ বালু উত্তোলনের জন্য মাটির নিচে যায়। একটি পাইপ তলদেশের শুকনো বেলেমাটি পানি দিয়ে ভেজাতে থাকে এবং অন্য পাইপটি ভেজা মাটি চুষতে থাকে। ভূগর্ভ থেকে পানি মেশানো এই বেলেমাটি পাইপের মাধ্যমে তুলে আনা হয়। এই যন্ত্রটি দিনে কয়েক হাজার ঘনফুট ভূগর্ভস্থ বেলেমাটি তোলে। এ কারণে শ্যালো ইঞ্জিনচালিত ড্রেজারকে স্থানীয়রা ‘আত্মঘাতী’ বলে থাকেন।

এ রকম প্রায় ১৫ থেকে ২০টি ড্রেজার মেশিন এ উপজেলায় রয়েছে। এসব মেশিন দিয়ে উপজেলার খড়মখালী, পাঙ্গাশিয়া, নালুয়া, পিঁপড়াডাঙ্গাসহ বিভিন্ন গ্রামে বেপরোয়া ভাবে বালু উত্তোলন করা হচ্ছে। ফলে সরকারি রাস্তা, শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার, ধর্মীয় উপাসনালয় ও পরিবেশ হুমকির মুখে পড়ছে।

এ ছাড়া চিতলমারী সদর বাজারের পাশে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে নবীর সরদার ও কামাল মেম্বার লাইসেন্স ও রুট পারমিটবিহীন অবৈধ বলগেট দিয়ে জেলা প্রশাসকের অনুমতি ছাড়া চরকুড়াতলা এলাকার বিভিন্ন কৃষিজমি ও জলাশয়ের শ্রেণি পরিবর্তন করছেন বলে অভিযোগ রয়েছে।

ছোট খালে তাদের বিশাল বলগেটের ঢেউয়ের তোড়ে বাবুগঞ্জ বাজার থেকে চিতলমারী বাজার পর্যন্ত দুটি পাকা গ্রামীণ সড়ক চরম ঝুঁকির মধ্যে পড়েছে। ইতিমধ্যে রাস্তা দুটির বিভিন্ন জায়গা ভেঙে নদীগর্ভে বিলীন হয়েছে। বলগেটের ধাক্কায় বোয়ালিয়া-খলিশাখালী লোহার পুলটি হেলে পড়েছে। ঝুঁকিতে রয়েছে শেরে বাংলা কলেজ জামে মসজিদটিও।

বলগেট চালাতে হলে সরকার কর্তৃক রুট পারমিট ও ট্রলারের লাইসেন্স থাকা বাধ্যতামূলক। এ ঘটনায় প্রতিকার পেতে উপজেলার অর্ধশত মানুষ বাগেরহাট জেলা প্রশাসক ও চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরসহ বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করেছেন।

এ ব্যাপারে আবেদনকারী বাশার খান, মো. জসিম শেখ ও মো. রফিকুল ইসলামসহ অনেকে বলেন, ‘লাইসেন্স ও রুট পারমিটবিহীন অবৈধ বলগেট ও ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ করে গুরুত্বপূর্ণ দুটি পাকা গ্রামীণ সড়ক এবং মসজিদ রক্ষার জন্য আমরা বিভিন্ন দপ্তরে আবেদন করেছি। যত্রতত্র এই বালু উত্তোলন প্রতিরোধ করতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ বাস্তবায়নের জন্য জোর দাবি জানাচ্ছি।’

নবীর সরদার জানান, বলগেটে বালু পরিবহন অবৈধ নয়। তার ট্রলার ও বলগেটের রুট পারমিট এবং লাইসেন্স আছে।

কামাল মেম্বার বলেন, ‘আমার ট্রলার নষ্ট হয়েছে। আমি এখন গোপালগঞ্জ যাচ্ছি। পরে আপনাদের সঙ্গে কথা বলব।’

স্থানীয় পরিবেশবাদীরা জানান, আইন অমান্যকারীকে দুই বছরের কারাদণ্ড ও সর্বোচ্চ ১০ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে। চিতলমারীতে এ ধরনের কঠোর ব্যবস্থা নিলে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ হবে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ২টায় চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার জানান, ভূগর্ভের বালি বা মাটি উত্তোলন করা নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধ। অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। এটি বন্ধে মন্ত্রণালয়ের চিঠি পেয়েছি। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন