ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৮ জমাদিউস সানি ১৪৪৮

নৌ-পুলিশের এএসআইয়ের উন্মত্ত নাচ, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১০:৩৯, ৬ সেপ্টেম্বর ২০২৬

নৌ-পুলিশের এএসআইয়ের উন্মত্ত নাচ, ভিডিও ভাইরাল

ছবি: ঢাকা এক্সপ্রেস

নারায়ণগঞ্জের বন্দর খেয়াঘাটের সামনে এক পুলিশ সদস্যের অস্বাভাবিক নাচ-গানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রায় এক মিনিটের ওই ভিডিওতে তাকে গান গাওয়া, নাচ এবং নানা ধরনের অস্বাভাবিক অঙ্গভঙ্গি করতে দেখা যায়। একপর্যায়ে নিজের মুঠোফোন ও মানিব্যাগও ছুড়ে ফেলেন তিনি।

শুক্রবার (০৪ সেপ্টেম্বর) রাতে বন্দর খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান।

অস্বাভাবিক আচরণ করা ওই পুলিশ সদস্যের নাম আব্দুল মান্নান। তিনি সদর নৌ থানায় সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, খেয়াঘাটের সামনে আব্দুল মান্নান উত্তেজিত অবস্থায় ঘোরাফেরা করছেন এবং গান গাইছেন। একপর্যায়ে নিজের মুঠোফোন ও মানিব্যাগ ছুড়ে ফেলেন তিনি। আশপাশের লোকজনের সঙ্গে কথা বলার সময়ও তাকে অসংলগ্ন আচরণ করতে দেখা যায়।

ভিডিওতে উপস্থিত লোকজনের সঙ্গে কথোপকথনের একপর্যায়ে খেয়াঘাট থেকে তোলা টাকা পানিতে ফেলে দেওয়ার অভিযোগ করতেও শোনা যায় তাকে। এ সময় তাকে বলতে শোনা যায়, ‘আমারে জালাইস না, আমি এক লাখ টাকা দিয়ে দিমু।’

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে নানা আলোচনা শুরু হয়। অনেকেই ওই পুলিশ সদস্য মাদক সেবন করেছিলেন কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন। তবে তিনি মাদক সেবন করেছিলেন কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে সদর নৌ থানার ওসি মো. রকিবুজ্জামান বলেন, স্ত্রীর সঙ্গে দাম্পত্য কলহের জেরে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে এএসআই আব্দুল মান্নান এমন আচরণ করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে ঘটনার আগে তিনি কোনো মাদকজাতীয় দ্রব্য সেবন করেছিলেন কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, আব্দুল মান্নান থানার কোয়ার্টারে থাকতেন। তার স্ত্রী সিলেটে গ্রামের বাড়িতে থাকেন। ঘটনার রাতে মুঠোফোনে তাদের মধ্যে ঝগড়া হয়। এরপরই তিনি অস্বাভাবিক আচরণ শুরু করেন বলে জানিয়েছে পুলিশ।

ওসি রকিবুজ্জামান আরও জানান, মান্নানের পরিবারের সদস্যদের সঙ্গে পুলিশ কথা বলেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে বন্দর খেয়াঘাটের মতো জনসমাগমপূর্ণ এলাকায় একজন পুলিশ সদস্যের এমন আচরণের ভিডিও ছড়িয়ে পড়ায় বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। ভিডিওতে উঠে আসা অভিযোগ এবং ওই পুলিশ সদস্যের আচরণের প্রকৃত কারণ তদন্তের পরই স্পষ্ট হবে।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন