শিরোনাম
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১১:৩১, ৯ সেপ্টেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ভোজ্য তেলের পরিমাপে কারচুপি, অবৈধভাবে তেল বিক্রি ও বিতরণ এবং বিএসটিআইয়ের সনদ ছাড়া পণ্য উৎপাদন ও বিক্রির অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) পরিচালিত অভিযানে প্রতিষ্ঠান দুটিকে মোট ৪ লাখ টাকা জরিমানা করে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
এদিন সোনারগাঁও উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানে বিসিক শিল্পনগরী কাঁচপুর এলাকার এন এস ব্রাদার্সকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটি ফর্টিফাইড সয়াবিন তেলের বোতল প্রস্তুত এবং সয়াবিন তেল মোড়কজাত ও বাজারজাত করে আসছিল।
অভিযানে প্রতিষ্ঠানটির ৫ লিটার ও ২ লিটার ধারণক্ষমতার বোতলে যথাক্রমে ৫০ মিলিলিটার ও ২৫ মিলিলিটার কম তেল পাওয়া যায়। এ ছাড়া পণ্য মোড়কজাত বিধিমালা লঙ্ঘন করে ৯৩০ মিলিলিটার আকারের বোতলে অবৈধভাবে তেল সরবরাহের উদ্দেশ্যে বিক্রি ও বিতরণের প্রমাণ পাওয়া যায়।
এসব অপরাধে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, সোনারগাঁওয়ের মহাজমপুর এলাকার সিগমা অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে দুটি মামলায় মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়।
প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের সিএম সনদ নবায়ন না করেই ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন অয়েল পণ্যে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে উৎপাদন, বিক্রি ও বিতরণ করছিল। এ অপরাধে ‘বিএসটিআই আইন, ২০১৮’ অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া সংশ্লিষ্ট পণ্যের মোড়কজাত সনদ না থাকায় প্রতিষ্ঠানটিকে আরও ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ নেওয়া এবং বিএসটিআইয়ের সিএম লাইসেন্স নবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।
র্যাব-১১-এর সহযোগিতায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন বিএসটিআই প্রধান কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহার।
অভিযানে সহযোগিতা করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, নারায়ণগঞ্জের উপপরিচালক কে. এম. হানিফ এবং সহকারী পরিচালক মো. রাকিবুল আলম।
প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন প্রকৌশলী মো. মাহমুদুল হাসান রানা, ফিল্ড অফিসার মো. রেজানুর রহমান সরকার এবং ফিল্ড অফিসার ও পরিদর্শক (মেট্রোলজি) মো. শাহজাহান।
বিএসটিআই জানিয়েছে, জনস্বার্থে ভেজাল ও নিম্নমানের পণ্য, পরিমাপে কম দেওয়া, অনুমোদন ছাড়া বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার এবং পণ্য মোড়কজাতকরণে অনিয়মের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত ও বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
ঢাকা এক্সপ্রেস/এসএস