ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৮ জমাদিউস সানি ১৪৪৮

ধানখেতের কীটনাশকে অসুস্থ ১৬ শিক্ষার্থী

ভোলা প্রতিনিধি

প্রকাশ: ১১:৩৫, ৯ সেপ্টেম্বর ২০২৬

ধানখেতের কীটনাশকে অসুস্থ ১৬ শিক্ষার্থী

ছবি: ঢাকা এক্সপ্রেস

নোয়াখালীর হাতিয়া উপজেলার তমরুদ্দি ইউনিয়নের জোড়খালী উচ্চবিদ্যালয়ে একসঙ্গে ১৬ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার একদিন পর প্রশাসনের তদন্তে এর কারণ জানা গেছে। বিদ্যালয়ের পাশের ধানখেতে স্প্রে করা এসিমিক্স কীটনাশকের বিষাক্ত বাষ্প শ্রেণিকক্ষে ঢুকে পড়ায় শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে বলে তদন্তে উঠে এসেছে।

মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) সকালে ঘটনার কারণ অনুসন্ধানে বিদ্যালয়টি পরিদর্শন করেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল। এ সময় তার সঙ্গে পুলিশ, গোয়েন্দা সংস্থার প্রতিনিধি ও বিশেষজ্ঞ চিকিৎসক দলের সদস্যরা ছিলেন।

এর আগে সোমবার দুপুরে বিদ্যালয়ের ষষ্ঠ, সপ্তম ও দশম শ্রেণির ১৬ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। বিদ্যালয় সূত্রে জানা যায়, তারা মাথা ঘোরা, বমি ভাব ও অস্থিরতা অনুভব করে। পরে তাদের মধ্যে অচেতন অবস্থায় ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।

প্রয়োজনীয় চিকিৎসা শেষে রাতে সবাই বাড়ি ফিরে যায়। মঙ্গলবার সুস্থ হয়ে তারা আবার বিদ্যালয়ে আসে। পরে স্বাভাবিকভাবে ক্লাসেও অংশ নেয়।

ঘটনার কারণ অনুসন্ধানে মঙ্গলবার সকালে ইউএনও রাসেল ইকবালের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল বিদ্যালয়টি পরিদর্শন করে। এ সময় তদন্ত দল বিদ্যালয়ের পশ্চিম-উত্তর পাশে একটি জমিতে কীটনাশক স্প্রে করার তথ্য পায়।

তদন্তে উঠে আসে, বিদ্যালয়ের একেবারে পাশের ওই জমিতে কীটনাশক স্প্রে করায় এর বিষাক্ত বাষ্প বাতাসে মিশে শ্রেণিকক্ষে প্রবেশ করে। এতে শিক্ষার্থীদের শারীরিক প্রতিক্রিয়া দেখা দেয়। কয়েকজন অচেতন হয়ে পড়ে।

জোড়খালী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন বলেন, ঘটনার পর শিক্ষক ও অভিভাবকদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়েছিল। প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপে ঘটনার কারণ জানা যাওয়ায় এখন স্বস্তি ফিরেছে।

বিদ্যালয়টিতে প্রায় ৫০০ শিক্ষার্থী পড়াশোনা করে। আক্রান্ত ১৬ শিক্ষার্থী চিকিৎসা শেষে পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। মঙ্গলবার তারা সবাই বিদ্যালয়ে উপস্থিত হয়েছে।

ইউএনও রাসেল ইকবাল বলেন, সোমবার ওই জমিতে এক কৃষক এসিমিক্স কীটনাশক স্প্রে করেন। মঙ্গলবার সকালে ওই কৃষক তাঁর কাছে থাকা কীটনাশকের বোতলটি তদন্ত দলের কাছে নিয়ে আসেন।

তিনি বলেন, বোতলের গায়ে উল্লেখ রয়েছে, এ ধরনের তরলের তীব্র ঘ্রাণ বা সংস্পর্শে মাথা ঘোরা, বমি ভাব, অস্থিরতা ও চেতনা হারানোর মতো প্রতিক্রিয়া হতে পারে। এ ঘটনায় কীটনাশকের বোতলসহ অন্যান্য আলামত জব্দ করা হয়েছে।

ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা ও নির্দেশনা দেওয়া হয়েছে। ইউএনও বলেন, বিদ্যালয় চলাকালে স্কুলের সীমানাসংলগ্ন জমিতে কোনো ধরনের কীটনাশক স্প্রে করা যাবে না। বিদ্যালয়ের আশপাশে কীটনাশক ব্যবহার করতে হলে ছুটির দিনে তা করতে হবে।

উল্লেখ্য, সোমবার দুপুরে তমরুদ্দি ইউনিয়নের জোড়খালী উচ্চবিদ্যালয়ের শ্রেণিকক্ষে ষষ্ঠ, সপ্তম ও দশম শ্রেণির ১৬ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে অচেতন অবস্থায় ১৩ জনকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন