ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩, ১২ রবিউস সানি ১৪৪৮

চাওড়া ইউনিয়ন মাদক-দুর্নীতিমুক্ত করতে চান মেহেদী জামান রাকিব

বরগুনা প্রতিনিধি

প্রকাশ: ১০:০০, ২৫ সেপ্টেম্বর ২০২৬

চাওড়া ইউনিয়ন মাদক-দুর্নীতিমুক্ত করতে চান মেহেদী জামান রাকিব

মো. মেহেদী জামান রাকিব। ছবি: ঢাকা এক্সপ্রেস

তফসিল ঘোষণার আগেই বরগুনার আমতলী উপজেলার ৫ নম্বর চাওড়া ইউনিয়নে জমে উঠেছে আগাম নির্বাচনী আমেজ। হাট-বাজার, চায়ের দোকান থেকে ফেসবুক- সবখানেই আলোচনার কেন্দ্রে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা।

স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, আলোচনায় সবচেয়ে বেশি এগিয়ে আছেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মেহেদী জামান রাকিব।

তিনি গ্রামগঞ্জের বাজারে গণসংযোগ করে যাচ্ছেন। জনগণের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে নিজ অর্থায়নে রাস্তার খানাখন্দ সংস্কারের কাজও করে যাচ্ছেন। তাঁর দীর্ঘদিনের সামাজিক কর্মকাণ্ড, পরিচ্ছন্ন ভাবমূর্তি এবং বিপদে-আপদে মানবিকভাবে মানুষের পাশে থাকার কারণে তিনি তরুণদের কাছে আস্থার প্রতীক হয়ে উঠেছেন।

স্থানীয়রা বলেন, শান্তশিষ্ট ও মার্জিত আচরণের কারণে তিনি জনগণের আস্থা অর্জন করেছেন। দল যদি তাঁকে মনোনয়ন দেয়, তাঁর বিজয় অনেকটাই নিশ্চিত।

এ বিষয়ে মেহেদী জামান রাকিব বলেন, আমি দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত। শহীদ জিয়ার আদর্শকে ধারণ করায় বিগত ফ্যাসিস্ট সরকারের হামলা-মামলার শিকার হয়ে দীর্ঘদিন কারাবরণ করেছি। আমার বিশ্বাস, স্থানীয় নেতৃবৃন্দ বিষয়টি বিবেচনায় নিয়ে আমাকে মনোনয়ন দেবেন। আমি আমার সামর্থ্য অনুযায়ী সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছি। আমি অবহেলিত চাওড়া ইউনিয়নের জনগণের সেবা ও কল্যাণে নিজেকে আত্মনিয়োগ করতে চাই।

তিনি আরও বলেন, আপনারা যদি আমাকে ভালোবেসে কাজ করার সুযোগ দেন এবং আমার প্রাণের সংগঠন বিএনপি যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে আমি চাওড়া ইউনিয়নকে একটি আধুনিক, সরকারি বরাদ্দ ও ভাতার বৈষম্যহীন সেবা, সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব, ইনশাআল্লাহ। নেতা নয়, জনগণের সেবক হতে চাই।

নির্বাচিত হলে অবহেলিত চাওড়া ইউনিয়নের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলামুখী করাই হবে তাঁর প্রধান অগ্রাধিকার বলে জানান তিনি।

প্রসঙ্গত, আমতলী উপজেলায় ২৪ সেপ্টেম্বর ২০২৬ সরকারি একটি প্রজ্ঞাপনে সদর ইউনিয়ন বাদে বাকি ৬টি ইউনিয়নে প্রশাসক নিয়োগের পর চাওড়ায় কে হচ্ছেন পরবর্তী চেয়ারম্যান, তা নিয়ে ভোটারদের আগ্রহ এখন তুঙ্গে।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন