শিরোনাম
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: ১৪:০৩, ১৭ মে ২০২৫
শ্রমিক নেতাকে আটকের ঘটনায় রাস্তা অবরোধ ও থানা ঘেরাও করা হয়। ছবি: ঢাকা এক্সপ্রেস
শুক্রবার (১৬ মে) রাত সোয়া ৮ টায় দিনাজপুর কোতয়ালী থানার সামনের গেটে ৪ টি পিকআপ আড়াআড়িভাবে রেখে ব্যারিকেড দিয়ে থানা ঘেরাও করে।
এ সময় তারা দিনাজপুর শহরের নিমনগর বালুবাড়ী বাসস্ট্যান্ড এলাকা, হাউজিং মোড় এলাকা, কাহারোল উপজেলার দশমাইল মোড় এলাকায় রাস্তায় গাড়ি রেখে সড়ক অবরোধ করে। পরে রাত সোয়া ১০ টায় থানা পুলিশ, শ্রমিক নেতা, জেলা বিএনপি নেতৃবৃন্দ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের নিয়ে
কোতয়ালী থানায় একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আটক শ্রমিক নেতা শাহ আলমকে ছেড়ে দেয় পুলিশ।
আটক শ্রমিক নেতা শাহ আলম জেলা ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের অন্তর্গত দিনাজপুর শহরের হাউজিং মোড় শাখার সভাপতি।
জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় দিনাজপুর শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ডে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে মোটরসাইকেল, অটোরিক্সা ও ট্রাকের সংঘর্ষে নুর আলম (৪০) নামে এক ব্যক্তি আহত হন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
ওই ট্রাকের চালক ছিলেন শ্রমিক নেতা শাহ আলম। খবর পেয়ে কোতয়ালি থানার ওসি ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে আলোচনার এক পর্যায়ে শ্রমিকদের সঙ্গে ওসির বাকবিতণ্ডা হয়। পরে সেখানে
সেনাবাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে শ্রমিক নেতা শাহ আলমকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনা শ্রমিকদের মাঝে জানাজানি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারা থানা ঘেরাও করে তাদের নেতার মুক্তির দাবি জানান। পরে শ্রমিকরা ট্রাক দিয়ে থানা ঘেরাওসহ সব রুটে ব্যারিকেড দিয়ে অবস্থান নেন। এতে দিনাজপুর-রংপুর, দিনাজপুর-গোবিন্দগঞ্জ, দিনাজপুর-চিরিরবন্দর, দিনাজপুর-দশমাইল, দিনাজপুর-বিরলসহ সব রুটে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
দিনাজপুর ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সভাপতি আনারুল হক বলেন, ‘আমরা আইনকে শ্রদ্ধা করি। কিন্তু দুঃখের বিষয় এখন দিনাজপুরের আইনশৃঙ্খলা বাহিনী সাধারণ শ্রমিকদের সাথে নানাভাবে অন্যায়, অত্যাচার করতেছে। পুলিশ ধরে চালান দিচ্ছে। এখানে তারা ব্যবসা শুরু করেছে। বিভিন্নভাবে তারা (পুলিশ) টাকা খেয়ে চালান দিচ্ছে, আবার কাউকে থানা থেকে ছেড়ে দিচ্ছে।’
এই জন্য তিনি দিনাজপুরের পুলিশ সুপারকে উদ্যোগ নেয়ার অনুরোধ জানান।
দিনাজপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান বলেন, ‘শ্রমিকদের পক্ষ থেকে শাহ আলমকে ছেড়ে দেওয়ার দাবি জানানো হয়। পরে রাত সাড়ে ১০ টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়। এতে শ্রমিকরা তাদের ব্যারিকেড তুলে নেন।’
ঢাকা এক্সপ্রেস/এনএ