ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮

এক অভিযানে এক লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ২০:৩৫, ২৫ জুন ২০২৫

এক অভিযানে এক লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে মাদকবিরোধী এক বিশেষ অভিযানে মিয়ানমার থেকে আনা এক লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৫ জুন) ভোরে এই অভিযান পরিচালিত হয়।

কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) ঘুমধুম বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী নোয়াপাড়া খাল এলাকায় কৌশলগত অবস্থান নিলে মাদক চোরাকারবারীরা দুটি ব্যাগ নিয়ে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের দিকে প্রবেশ করে। বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি অভিযানটি পরিচালনা করে। অভিযানে মাদক চোরাকারবারীরা পালিয়ে গেলেও বিশাল এই চালান উদ্ধার বিজিবির বড় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।

কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম (পিএসসি) বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির প্রতিটি টহলদল সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।”

তিনি আরও বলেন, “বিজিবির ধারাবাহিক তৎপরতার কারণে সীমান্তবর্তী এলাকায় জনসচেতনতা ও নিরাপত্তাবোধ বেড়েছে। এই ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে চলবে।”

এ ঘটনায় কাউকে আটক করা না গেলেও বিজিবির দাবি, সীমান্তে তাদের সক্রিয় উপস্থিতি চোরাকারবারীদের দমন ও বড় ধরনের মাদক প্রবাহ ঠেকাতে কার্যকর ভূমিকা রাখছে।

ঢাকা এক্সপ্রেস/ এমআরএইচ

আরও পড়ুন