শিরোনাম
পাবনা প্রতিনিধি
প্রকাশ: ১০:৩৯, ৪ জুলাই ২০২৫
ছবি: সংগৃহীত
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা ‘পাবনা এক্সপ্রেস’ নামের একটি বাস পাবনার দিকে যাচ্ছিল। ভোর সাড়ে পাঁচটার দিকে সাঁথিয়ার বনগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। প্রচণ্ড ধাক্কায় দু’টি গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
এতে ঘটনাস্থলেই বাসের তিন যাত্রী প্রাণ হারান। নিহতরা হলেন—আবেদ আলী (৩৮), মনসুর আলী (৪০) এবং এখনও শনাক্ত না হওয়া এক ব্যক্তি। গুরুতর আহত অন্তত ১০ যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরে তা স্বাভাবিক হয়।
মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, ‘খবর পেয়েই আমরা ঘটনাস্থলে পৌঁছাই। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় ট্রাকচালককে ঘটনাস্থলে পাওয়া যায়নি। প্রাথমিকভাবে বাসের চালকের বেপরোয়া গতিকে দায়ী করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’
স্থানীয়রা বলছেন, মহাসড়কটিতে দীর্ঘদিন ধরেই যানবাহনের গতির নিয়ন্ত্রণে কার্যকর কোনো ব্যবস্থা নেই। এতে প্রায়শই ঘটছে দুর্ঘটনা।
ঢাকা এক্সপ্রেস/বিডি