শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:২১, ২৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৭:৫১, ২৮ নভেম্বর ২০২৬
ড. গোলাম মুহাম্মদ রাব্বানী। ফাইল ছবি
আইনজীবী, রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজকর্মী ও স্থানীয় সরকারবিষয়ক গবেষক ড. গোলাম মুহাম্মদ রাব্বানী, যিনি নয়ন বাংগালী নামে পরিচিত, তার দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের মূল লক্ষ্য একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা। তিনি বিশ্বাস করেন, রাজনীতি কেবল ক্ষমতা অর্জনের মাধ্যম নয়; বরং মানুষের অধিকার প্রতিষ্ঠা, সামাজিক ন্যায়বিচার এবং দায়িত্বশীল নেতৃত্ব তৈরির একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া।
নয়ন বাংগালীর মতে, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে এবং তৃণমূল পর্যায়ে যোগ্য, নৈতিক ও জনসেবামুখী নেতৃত্ব তৈরি করতে হবে। তিনি মনে করেন, গ্রামকে উন্নয়ন, গণতন্ত্র ও নেতৃত্ব সৃষ্টির কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব। তার উন্নয়ন দর্শন হলো—“জাতীয় সরকার + গ্রাম সরকার + প্রবাস সরকার = উন্নত বাংলাদেশ।”
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজকর্ম বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন ড. গোলাম মুহাম্মদ রাব্বানী। এরপর যুক্তরাষ্ট্রের লিবার্টি বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। তার গবেষণার বিষয় ছিল শিক্ষা নীতি, শিক্ষা আইন এবং আধুনিক শিক্ষাব্যবস্থা সংস্কারের চ্যালেঞ্জ।
তার গবেষণার মূল বিষয়বস্তুর মধ্যে রয়েছে আধুনিক শিক্ষাব্যবস্থার সংস্কার, শিক্ষা নীতি ও আইনের কার্যকর প্রয়োগ, শিক্ষার গুণগত মান ও সমান সুযোগ নিশ্চিত করা, শিক্ষার্থীদের নৈতিকতা, দক্ষতা ও নেতৃত্বের বিকাশ এবং প্রযুক্তিনির্ভর ও ভবিষ্যৎ উপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলা।
এ ছাড়া তিনি হার্ভার্ড কেনেডি স্কুলে নেতৃত্ব ও পেশাগত উন্নয়নবিষয়ক প্রশিক্ষণ ও শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করেছেন। যুক্তরাষ্ট্রে শিক্ষা, সামাজিক নীতি ও নেতৃত্ব উন্নয়ন বিষয়ে একাডেমিক চর্চা ও পেশাগত সম্পৃক্ততার অভিজ্ঞতাও অর্জন করেছেন।
সামাজিক ও প্রাতিষ্ঠানিক উদ্যোগ
ড. নয়ন বাংগালীর সামাজিক কর্মকাণ্ডের মূল দর্শন হলো, মানুষকে শুধু সহায়তা নয়; বরং শিক্ষা, দক্ষতা, অধিকার ও নেতৃত্বের মাধ্যমে স্বাবলম্বী করে তোলা। এ লক্ষ্যে তিনি দেশে ও প্রবাসে একাধিক প্রাতিষ্ঠানিক উদ্যোগ গড়ে তুলেছেন।
তিনি ন্যাশনাল ইয়ুথ ফোরাম অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা। সংগঠনটি যুবসমাজের নেতৃত্ব বিকাশ, সামাজিক সচেতনতা, নাগরিক দায়িত্ববোধ, শান্তি প্রতিষ্ঠা, মানবাধিকার ও সামাজিক উন্নয়নে কাজ করে। পাশাপাশি ভোটার সচেতনতা, নির্বাচন পর্যবেক্ষণ এবং যোগ্য নেতৃত্ব নির্বাচনে জনসচেতনতা তৈরিতেও সংগঠনটি সক্রিয়।
তিনি স্কুল অব লিডারশিপ ইউএসএ-এর প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট। প্রতিষ্ঠানটি নেতৃত্ব উন্নয়ন, রাজনৈতিক শিক্ষা, সামাজিক দায়িত্ববোধ এবং প্রবাসী ও অভিবাসী জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধিতে কাজ করে।
তার আরেকটি উদ্যোগ ‘বাংগালির পাঠশালা’। এখানে রাজনীতি ও নেতৃত্ব বিষয়ে প্রশিক্ষণ, তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত নেতৃত্ব তৈরি, রাজনৈতিক কর্মীদের নৈতিকতা, জ্ঞান, দক্ষতা ও গণতান্ত্রিক মূল্যবোধে প্রশিক্ষণ এবং দলনিরপেক্ষ জ্ঞানচর্চার পরিবেশ তৈরির লক্ষ্যে কাজ করা হয়।
পাশাপাশি বাংলাদেশ ইয়ুথ পার্লামেন্টের মাধ্যমে তরুণদের মধ্যে গণতান্ত্রিক চর্চা, নেতৃত্ব, নীতি-আলোচনা ও নাগরিক দায়িত্ববোধ বিকাশে উদ্যোগ নেওয়া হয়েছে।
রাজনৈতিক অভিজ্ঞতা
ড. নয়ন বাংগালী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সঙ্গে যুক্ত এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক, কুমিল্লা জেলা বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক এবং চৌদ্দগ্রাম পৌর বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
২০১১ সালের স্থানীয় সরকার নির্বাচনে তিনি মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তার বক্তব্য অনুযায়ী, ওই নির্বাচনে রাজনৈতিক প্রভাব, অনিয়ম ও ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তিনি উল্লেখযোগ্য জনসমর্থন লাভ করেন। তবে তৎকালীন সরকারের প্রভাব বিস্তারের কারণে মাত্র ৩৩ ভোটের ব্যবধানে তাকে অন্যায়ভাবে পরাজিত করা হয় বলে তিনি অভিযোগ করেন।
বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে গণতান্ত্রিক আন্দোলন, ভোটাধিকার ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার কারণে তিনি রাজনৈতিক হয়রানি, কারাবরণ ও শারীরিক নির্যাতনের শিকার হন বলে তার বক্তব্যে উল্লেখ রয়েছে। তাকে একাধিকবার রাজনৈতিক মামলায় হয়রানি ও আটক করা হয়। এ ছাড়া তার বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরিবারের সদস্য ও কর্মীরাও হয়রানির শিকার হন বলে তিনি জানিয়েছেন।
জীবননাশের আশঙ্কা এবং ক্রসফায়ারের হুমকির মতো পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে বলেও তিনি উল্লেখ করেছেন। জাতীয় প্রেসক্লাবের সামনে যুবলীগের নেতাকর্মী ও পুলিশের হামলায় তিনি গুরুতর আহত হন এবং তার একটি পা ভেঙে যায় বলে তার দাবি। পরে উন্নত চিকিৎসা ও নিরাপত্তার প্রয়োজনে তাকে যুক্তরাষ্ট্রে অবস্থান করতে হয়।
প্রবাসে গণতন্ত্রের পক্ষে
যুক্তরাষ্ট্রে অবস্থানকালে ড. নয়ন বাংগালী বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকার ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার পক্ষে আন্তর্জাতিক পর্যায়ে জনমত গঠনে কাজ করেছেন। তিনি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক উদ্যোগে সম্পৃক্ত থেকে প্রবাসীদের অভিজ্ঞতা ও সম্পদকে জাতীয় উন্নয়নে কাজে লাগানোর পক্ষেও সওয়াল করেন।
তার রাজনৈতিক দর্শনের মূল বিষয় হলো প্রতিহিংসার পরিবর্তে ন্যায়বিচার ও আইনের শাসন, দলীয় আনুগত্যের পরিবর্তে যোগ্যতা, নৈতিকতা ও জবাবদিহি, গ্রামকে উন্নয়ন ও নেতৃত্বের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা, তরুণদের রাজনৈতিক শিক্ষা ও দায়িত্বশীল অংশগ্রহণ এবং জাতীয় ঐক্য, সহনশীলতা ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠন।
ড. গোলাম মুহাম্মদ রাব্বানী একটি রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত পরিবারে বেড়ে উঠেছেন। তার পিতা মরহুম একরামুল হক ছিলেন সরকারি কর্মকর্তা এবং পল্লবী থানা বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য।
তার মাতা বেগম মেহেরুন্নেসা হক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং জাতীয়তাবাদী মহিলা দল, ঢাকা মহানগর উত্তরের সহসভানেত্রী। তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের চারবারের নির্বাচিত কাউন্সিলর, যা মোট ২০ বছরের দায়িত্ব পালনের সমান।
ড. নয়ন বাংগালীর সহধর্মিণী ড. তানজিনা নওশিন একজন সমাজকর্মী। তাদের ছেলে আহনাফ বিন রাব্বানী এবং মেয়ে আফসিন বিনতে রাব্বানী। তার ভাই নাদিম কানাডা বিএনপির সহসম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ড. নয়ন বাংগালীর ব্যক্তিগত, শিক্ষাগত, সামাজিক ও রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তাকে একটি জনকল্যাণমুখী, গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গঠনের চিন্তায় উদ্বুদ্ধ করেছে। তিনি বিশ্বাস করেন, স্লোগাননির্ভর রাজনীতি নয়; বরং জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও জনসেবাভিত্তিক নেতৃত্ব গড়ে তুলতে হবে।
তার দীর্ঘদিনের স্বপ্ন—শিক্ষা, সুশাসন, সামাজিক ন্যায়বিচার, স্থানীয় সরকার সংস্কার এবং যুব ক্ষমতায়নের মাধ্যমে একটি মানবিক, ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা।
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসএস