শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮:৩৮, ৩ সেপ্টেম্বর ২০২৬
ছবি : সংগৃহীত
নীতিমালা তৈরি করে সাংবাদিকদের গুণগতমান উন্নয়ন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে ভোলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, নীতিমালার মাধ্যমে সাংবাদিকতাকে আইনের আওতায় আনা সম্ভব হলেও সাংবাদিকদের মানোন্নয়নে প্রয়োজন নৈতিক শিক্ষা। কোনো নীতিমালা করে মানুষকে নৈতিকভাবে ভালো করা যায় না।
সাংবাদিকদের অর্ধসত্য সংবাদ প্রকাশের ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানিয়ে পার্থ বলেন, একটি সংবাদও যেন কোনো মানুষের জীবন, ক্যারিয়ার ও মান-সম্মান অযথা ক্ষতিগ্রস্ত না করে। একইভাবে কাউকে অতিরিক্ত প্রশংসা করাও ঠিক নয়।
তিনি বলেন, সাংবাদিকদের লেখনী ও প্রতিবেদনের মাধ্যমে রাষ্ট্র, জনগণ ও মানুষের কল্যাণ নিশ্চিত করার বিষয়টি বিবেচনায় রাখতে হবে। সাংবাদিকতার কারণে কেউ যেন অযথা ক্ষতিগ্রস্ত না হন, সেটিও তাদের নৈতিক দায়িত্ব।
গণমাধ্যমের স্বাধীনতার ওপর গুরুত্ব দিয়ে পার্থ বলেন, তিনি সংবাদমাধ্যমে কখনো হস্তক্ষেপ করেননি। একটি স্বাধীন ও মুক্ত গণমাধ্যম গণতন্ত্রের অন্যতম স্তম্ভ বলেও মন্তব্য করেন তিনি।
সরকারের কাজ ভালো না খারাপ, তা গণমাধ্যম স্বাধীনভাবে তুলে ধরবে—এমন পরিবেশ নিশ্চিত করার কথা জানান তথ্যমন্ত্রী। সাংবাদিকদের কোনো খবর প্রকাশে চাপ দেওয়া বা চাকরি হারানোর ভয় দেখানোর চর্চা থেকেও বেরিয়ে আসার আহ্বান জানান তিনি।
সাইবার বুলিং ও ভুয়া তথ্যের প্রসঙ্গে পার্থ বলেন, এসব কারণে সংবাদমাধ্যমের সৃজনশীলতা কমেছে। একই সঙ্গে সঠিক সংবাদ প্রকাশ হলেও মানুষের মধ্যে তা ‘ফেক নিউজ’ হওয়ার সন্দেহ তৈরি হচ্ছে।
ঢাকা এক্সপ্রেস/এসআই