ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

২ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৬ জমাদিউস সানি ১৪৪৮

গণতন্ত্র বাঁচাতে গণমাধ্যমকেও বাঁচাতে হবে: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭:৫৮, ৮ সেপ্টেম্বর ২০২৬

গণতন্ত্র বাঁচাতে গণমাধ্যমকেও বাঁচাতে হবে: রাষ্ট্রপতি

ছবি : সংগৃহীত

গণতন্ত্রের মূল শক্তি গণমাধ্যম উল্লেখ করে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রকে বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সুশাসন নিশ্চিত করতে গণমাধ্যমকে সঠিক পথে থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ম্যানেজিং কমিটির ১২ সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, জাতীয় প্রেস ক্লাবের সঙ্গে তার সম্পর্ক শুধু রাজনৈতিক নয়, এটি দীর্ঘদিনের আত্মিক সম্পর্ক। জীবনের সবচেয়ে দুঃসময়ে প্রেস ক্লাবের সদস্যরা তার পাশে ছিলেন বলেও উল্লেখ করেন তিনি।

সাংবাদিকদের কল্যাণে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে রাষ্ট্রপতি বলেন, তার জায়গা থেকে সাংবাদিকদের জন্য যতটুকু করার সুযোগ আছে, তিনি তা করার চেষ্টা করবেন।

সাংবাদিক সমাজের ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বিভক্তি কখনো সাফল্য এনে দিতে পারে না। মৌলিক বিষয়গুলোতে সাংবাদিকরা এক হতে পারলে সরকার ও বিরোধী দলের সঙ্গেও কার্যকর সম্পর্ক গড়ে তুলতে পারবেন।

অনিয়ম ও গণহারে সাংবাদিক ছাঁটাইয়ের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি। একই সঙ্গে সাংবাদিকদের নিজেদের সুরক্ষার বিষয়েও গুরুত্ব দেন তিনি।

কর্মসংস্থানের সংকট নিরসনে বন্ধ হয়ে যাওয়া পত্রিকাগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়ার ওপর জোর দেন রাষ্ট্রপতি। তিনি বলেন, দৈনিক বাংলা-সহ বন্ধ থাকা পত্রিকাগুলো এবং বিশেষ ট্রাস্টের অধীনে থাকা পত্রিকা চালু করা গেলে অন্তত এক হাজার সাংবাদিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

এ বিষয়ে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন তিনি।

গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে তরুণ প্রজন্মের চিন্তা ও মানসিকতায় ইতিবাচক পরিবর্তন আনতেও সাংবাদিকদের ভূমিকা রাখার আহ্বান জানান রাষ্ট্রপতি।

তিনি বলেন, গণতন্ত্র একটি সংস্কৃতি। এটিকে প্রতিষ্ঠানে রূপ দিতে হলে মানুষের মন-মানসিকতায় ইতিবাচক পরিবর্তন আনতে হবে। পুরোনো কর্তৃত্ববাদী চিন্তা থেকে বেরিয়ে গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ করা জরুরি।

নতুন প্রজন্মের মধ্যেও গণতান্ত্রিক ভাষা ও মানসিকতা তৈরি করতে হবে উল্লেখ করে তিনি বলেন, আন্দোলনের মাধ্যমে পরিবর্তন এলেও পুরোনো মানসিকতা থেকে গেলে প্রকৃত পরিবর্তন সম্ভব নয়।

সরকারের যৌক্তিক ও গঠনমূলক সমালোচনার পাশাপাশি সরকারের ভালো কাজগুলো গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে যথাযথভাবে তুলে ধরার আহ্বান জানান রাষ্ট্রপতি।

তিনি বলেন, জনগণের নির্বাচিত সরকারকে কাজ করার জন্য সময় দিতে হবে। মধ্যপ্রাচ্যের যুদ্ধসহ বৈশ্বিক পরিস্থিতির কারণে সৃষ্ট জ্বালানি সংকটের বিষয়টিও গণমাধ্যমে যথাযথভাবে তুলে ধরার ওপর গুরুত্ব দেন তিনি।

সাক্ষাৎকালে জাতীয় প্রেস ক্লাবের সুদীর্ঘ ঐতিহ্যের কথা স্মরণ করেন রাষ্ট্রপতি। একই সঙ্গে জাতীয় প্রেস ক্লাবের উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথাও স্মরণ করেন তিনি।

দেশের গণমাধ্যমের প্রাণকেন্দ্র জাতীয় প্রেস ক্লাবের উন্নয়নে সরকারের সঙ্গে কার্যকর সমন্বয়ের ওপরও গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি।

ঢাকা এক্সপ্রেস/এসআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন