ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

২ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৬ জমাদিউস সানি ১৪৪৮

গণমাধ্যমের অবদানেই গণতন্ত্রের বিকাশ সম্ভব হয়েছে: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭:৪৬, ১০ সেপ্টেম্বর ২০২৬

গণমাধ্যমের অবদানেই গণতন্ত্রের বিকাশ সম্ভব হয়েছে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ-এর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন।

গণমাধ্যমের বলিষ্ঠ অবদানের কারণেই দেশে গণতন্ত্রের বিকাশ সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান। মুক্ত ও স্বাধীন সাংবাদিকতা চর্চায় বর্তমান সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডিআরইউ সদস্যদের শুভেচ্ছা জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, সংবাদমাধ্যম আছে বলেই দেশ আজ এই জায়গায় পৌঁছেছে। গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা ও দেশের সার্বিক অর্জনে গণমাধ্যম সমান অংশীদার।

তিনি বলেন, বর্তমান সরকারের মেয়াদে সাংবাদিকরা সম্পূর্ণ স্বাধীন গণমাধ্যম পাবেন। সংবাদমাধ্যম বা সাংবাদিকদের পেশাগত কাজে সরকারের হস্তক্ষেপের কোনো ইচ্ছা নেই।

আন্দালিভ রহমান আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বাস করেন, সবাইকে সঙ্গে নিয়ে একসঙ্গে কাজ করলেই স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

ডিআরইউর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

সকালে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

এরপর বর্ণাঢ্য র‌্যালি ও কেক কাটার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, জ্যেষ্ঠ সাংবাদিক এবং ডিআরইউর সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন। সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল অনুষ্ঠান সঞ্চালনা করেন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন