শিরোনাম
সোয়েব মোহাম্মাদ
প্রকাশ: ০০:৪৩, ২৪ মে ২০২৬ | আপডেট: ০৯:২৩, ২৪ মে ২০২৬
প্রতীকী ছবি
গত ১৯ মে রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসা আক্তারকে রুমে ডেকে এনে ধর্ষণ করে ধর্ষক সোহেল রানা।ঘটনাটিকে ধামাচাপা দিতে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়।হত্যার সময় ধর্ষককে সহযোগিতা করে স্বয়ং তার স্ত্রী।এরপর খুনের চিহ্ন মুছে ফেলতে ছিন্ন মস্তক পাবলিক শৌচাগারে ফেলে আসে ধর্ষক।শরীরের অন্য অংশ সরিয়ে ফেলার পরিকল্পনা করা হয়েছিলো,রামিসার মা ঘটনাটি বুঝে উঠায় ধর্ষক সেই সুযোগ পায়নি।
এমন লোমহর্ষক ঘটনায় বাংলাদেশের অনলাইন জগতে নাগরিকদের ক্ষোভ প্রকাশ করতে দেখা যাচ্ছে।প্রশাসন চব্বিশ ঘণ্টার মধ্যে ধর্ষক ও তার স্ত্রীকে গ্ৰেফতার করতে সক্ষম হোন।সংস্থা ও সংগঠনগুলো দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ সমাবেশ করে এই নৃশংস ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন।এখন সব থেকে বড় প্রশ্ন হলো,শিশু রামিসার ধর্ষণ ও হত্যা মামলার সুষ্ঠু বিচার বাস্তবেই কী সম্ভব?
বাংলাদেশে প্রতিনিয়ত ধর্ষণের মতো নিকৃষ্ট ঘটনা ঘটে চলেছে।প্রতিবছর জরিপ সংখ্যা অতিক্রম করে নতুন ভাবে রেকর্ড হচ্ছে।তাই দেশের মানুষ এমন ঘটনা শুনতে-শুনতে একপ্রকার অভ্যস্থ হয়ে উঠেছেন।তার মধ্যে দুই একটা নৃশংস ঘটনা দেশের মানুষের হৃদয়কে মাঝেমধ্যে নাড়া দিতে পারে।এতে অনলাইন পোস্টের মাধ্যমে জনসাধারণ প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করে থাকেন। তখন বিভিন্ন সংস্থা এবং রাজনৈতিক সংগঠনের রাজনীতিবিদরা প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন,এরপর ফুলের তোড়ার মতো মিডিয়ার মাইকারফোন মুখের সামনে ধরে রেখে অগ্নিঝরা বক্তব্য দেন। ধর্ষকের সর্বোচ্চ বিচার প্রত্যাশা করেন। এক্ষেত্রে ধর্ষক যদি কোনো বিরোধী দলীয় কর্মী হয়ে থাকে তাহলে প্রতিবাদ সভার কর্মসূচি আরো বাড়ানো হয়।চাপের মুখে প্রশাসন অতি দ্রুততার সাথে ধর্ষককে গ্রেফতার করে থাকেন।তীব্র নাগরিক সমালোচনার মুখে রাষ্ট্র বিচার কার্যে মৃত্যুদণ্ডের আদেশ দিয়ে দেয়।কিন্তু তারপর সেই বিচারকার্য সম্পন্ন হয়েছে কি না,কেউ আর তার কোনো খোঁজ রাখেন না!আট বছর বয়সী আছিয়া ধর্ষণের কথা কতজনেরই বা এখন মনে আছে? ঠিক এভাবে রাইসাও হারিয়ে যাবে খবরের ভিড়ে।আছিয়া, রাইসার মতো আবারও কোনো না কোনো শিশু এরকম নৃশংস ধর্ষণ ও খুনের শিকার হবে। এভাবেই ঠিক চক্রাকারে ঘুরতে থাকবে ধর্ষণ, ধর্ষক, ধর্ষিতা, নাগরিক ক্ষোভ,বিচার প্রত্যাশা। সম্ভবত শুধু ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তিটাই আর হয়ে উঠবে না!এটাই তো বাংলাদেশে হয়ে আসছে বহুদিন ধরে।তারপর দেখা যায় ধর্ষক জামিনে বেরিয়ে এসে বুক ফুলিয়ে ঘুরছে।তাই দেশের সচেতন নাগরিকরা ধর্ষকের যথাযথ শাস্তি প্রত্যাশার আশা একপ্রকার ভুলে যেতে বসেছেন।
গত বারো বছরে প্রায় ৭০ হাজার নারী ও শিশু ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। একথা সত্য যে শত্রুতাবশত এমন অনেক মামলা করা হয়ে থাকে যেখানে ধর্ষণের কোনো ঘটনাই ঘটেনি।কিন্তু মামলায় বিভিন্ন তথ্য প্রমাণাদি ও পরীক্ষা-নিরীক্ষায় ধর্ষণ প্রমাণ হলেও দেখা যায় যে এর কয়েক মাস পর ধর্ষক জামিনে মুক্তি পেয়ে গেছে। তারপর এই অসুস্থ সমাজকে আরো বেশি অসুস্থ করে ফেলছে।৭০ হাজার নারী ও শিশু ধর্ষণ মামলার ঘটনায় এপর্যন্ত মাত্র ১৪৪ জনের মৃত্যুদন্ডাদেশ দেওয়া হয়েছে। সব থেকে আশ্চর্যের বিষয় হলো এখন পর্যন্ত মাত্র ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাছাড়া প্রকাশিত ও নথিভুক্ত তথ্য অনুযায়ী গত দুই বছরে অন্তত ৪৬৭ টি শিশু ধর্ষণের ঘটনা সামনে এসেছে।যতোদিন যাচ্ছে ততোই শিশু ধর্ষণের ঘটনা মহামারী আকার ধারণ করছে!
একশ্রেণীর মানুষ মনে করেন ধর্ষণের পিছনে প্রধান কারণই হলো নারীর অশালীন পোশাক। তাদের অনেকেই আবার বোরকার বাহিরে যে কোনো পোশাকই অশালীন হিসেবে মনে করে থাকেন ।আছিয়া বা রামিসা ধর্ষণের পিছনে তারা ঠিক কোন কারণকে তুলে ধরবেন?
নিশ্চয়ই তারা একথা বলবেন না যে,একটি নারী শিশু ভূমিষ্ঠ হওয়ার পর তাকে পর্দায় আবৃত করে রাখা হয়নি বলে শিশুটি ধর্ষণের শিকার হয়েছে।
তাছাড়া এমন অনেক ধর্ষণের ঘটনা ঘটেছে যে, উক্ত ঘটনার মুহূর্তে নারী বোরকার দ্বারা আবৃত ছিল।তাই সেই সব সমালোচকরা অশালীন পোশাকের নাম করে নারীদের পোশাকের স্বাধীনতা ছিনিয়ে নেওয়াতেই নিজেদের স্বার্থকতা খুঁজে বেড়ান। মূলত শরীরের বিশেষ অংশ অন্যদের থেকে আড়াল করে রাখার তন্তুটির নামই হলো পোশাক। সেক্ষেত্রে শাড়ি, কামিজ,থ্রি পিচ, শার্ট,গেঞ্জি— এই ধরনের পোশাক পড়ার অধিকার নারীদের রয়েছে।এতে বিশেষ অংশগুলো পুরোপুরি আবৃত রাখা যায়।সুতরাং এগুলো কখনোই অশালীন পোশাকের আওতায় পড়ে না।তাহলে প্রশ্ন উঠে পুরুষ শিশুরা কেনো বলাৎকারের শিকার হচ্ছেন? পুরুষ শিশু বলাৎকারের ঘটনা প্রায়শই সংবাদ শোনা যায়।তারাও কী পোশাকের কারণে বলাৎকারের শিকার হয়? তাহলে বলাৎকার থেকে বাঁচার জন্য তাদের কোন ধরনের পোশাক পড়া দরকার সেই সমস্ত সমালোচকদের এই বিষয়ে পরিষ্কার করা উচিত।
দেশে ধর্ষণের পিছনে পোশাককে তারা প্রধান কারণ হিসেবে দাবি করলেও ধর্ষণ বৃদ্ধির মূল কারণই হচ্ছে আইনি দুর্বলতা।কোনো অপরাধ তখনই বৃদ্ধি পায়,যখন সেই অপরাধের যথাযথ শাস্তির বদলে অপরাধী সহজে মুক্তির পথ সৃষ্টি করা হয়।তখন সমাজে নতুন করে আরো অপরাধী জন্ম লাভ করে।
বাংলাদেশে দেখা যায় ধর্ষণ হয়,সেই ধর্ষককে গ্রেফতার করা হয়; কিছুদিনের মধ্যে ধর্ষক জামিনে বেরিয়ে আসে।একটি ধর্ষণের পেছনে ধর্ষকের সাথে সাথে এডভোকেটও জড়িত থাকেন,কেনো না টাকার লোভে পড়ে সে একজন ধর্ষককে শাস্তি থেকে মুক্তি দিতে সহযোগিতা করেন।সুতরাং প্রমাণিত কোনো ধর্ষকের জামিন করাতে গেলে সেই এডভোকেটকে রাষ্ট্রীয়ভাবে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া উচিত। তাহলে অনেকটাই ধর্ষণ রোধ করা সম্ভব।সব থেকে বড় ব্যাপার হলো একজন এডভোকেট সাধারণত আইনের রক্ষক তিনি নিজেই যখন অপরাধীকে অপরাধ করতে সমর্থন যোগান, তখন অপরাধই হবে রাষ্ট্রীয় ও সামাজিক সংস্কৃতি অংশ।
শিশু ধর্ষণ মানসিকতা কীভাবে তৈরি হচ্ছে?
দাবিকৃত প্রাপ্ত বয়স্কদের জন্য অনুমোদিত অনলাইন সাইটে পর্ণোগ্রাফিতে ঠাঁই পাচ্ছে শিশুদের যৌনতা।পৃথিবীর বিভিন্ন দেশের বিকৃত মস্তিষ্কের মানুষরা এইসমস্ত ঘৃণিত কাজে পৈশাচিক আনন্দ উপভোগ করেন এবং অন্যদের এমন কাজে উৎসাহ তৈরি করেন।আর তার কবলে পড়েছে বাংলাদেশের পুরুষরা।অনেকেই এই সমস্ত ভিডিওতে আসক্ত হয়ে পড়ছে আর তাদের বিকৃত ভাবনার শিকার হচ্ছে দেশের অবুঝ শিশুরা।সুতরাং এটি বন্ধ করতে না পারলে,এই বিকৃত মস্তিষ্কের সংখ্যা বাড়তে থাকবে।
ঢাকা এক্সপ্রেস /ইউকে