ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮

নির্বাচনী রোডম্যাপ ঘোষণায় প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ জামায়াতের

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ২০:০১, ২৯ আগস্ট ২০২৫

নির্বাচনী রোডম্যাপ ঘোষণায় প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ জামায়াতের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, ছবি: ঢাকা এক্সপ্রেস

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেছেন, প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতি ভঙ্গ করে যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছেন, তা সুষ্ঠু নির্বাচন ভণ্ডুলের নীলনকশা।

শুক্রবার (২৯ আগস্ট) সকালে কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজের মিলনায়তনে চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তাহের বলেন, ফেব্রুয়ারি মাসে নির্বাচন নিয়ে জামায়াতের কোনো আপত্তি নেই। তারা ১৫ ফেব্রুয়ারির নির্বাচনের জন্য প্রস্তুত। তবে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য কিছু শর্ত পূরণ জরুরি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো জুলাই চার্টারকে আইনগত ভিত্তি দেওয়া এবং তার ওপর ভিত্তি করেই নির্বাচন আয়োজন করা। কিন্তু এসব নিশ্চিত না করেই যে রোডম্যাপ ঘোষণা করা হয়েছে, তা সুষ্ঠু নির্বাচন ভণ্ডুলের নীলনকশা।

তিনি আরো অভিযোগ করেন, আগের প্রচলিত পদ্ধতি ও নতুন প্রস্তাবিত পিআর পদ্ধতির মধ্যে কোনটি প্রয়োগ হবে তা নির্ধারণ না করেই রোডম্যাপ ঘোষণা করা নির্বাচন কমিশনের বড় ধরনের অপরাধ। এ জন্য তাদের দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত।

সমাবেশে সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মু. মাহফুজুর রহমান। এ ছাড়া বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য আব্দুস সাত্তার, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহা, উপজেলা সেক্রেটারি বেলাল হোসাইন, সহকারী সেক্রেটারি আব্দুর রহিম, কালিকাপুর ইউনিয়ন জামায়াতের আমীর আবুল হাসেম প্রমুখ।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন