ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮

নড়াইল-২ আসন

বিএনপির পরাজয়ের জন্য বিশ্বাসঘাতকতাকে দায়ী করলেন ফরহাদ

নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ১৪:৩৫, ১৬ মার্চ ২০২৬

বিএনপির পরাজয়ের জন্য বিশ্বাসঘাতকতাকে দায়ী করলেন ফরহাদ

ছবি: ঢাকা এক্সপ্রেস

নড়াইল-২ আসনে বিএনপির পরাজয়ের পেছনে দলের ভেতরের বিশ্বাসঘাতকতাকেই দায়ী করেছেন বিএনপি নেতা ও ওই আসনের পরাজিত সংসদ সদস্য প্রার্থী ড. এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ। তিনি বলেন, বিশ্বাসঘাতকতার কারণেই জামায়াতে ইসলামী এই আসনে বিজয়ী হয়েছে। যদি সেই বিশ্বাসঘাতকতা না হতো, তাহলে নড়াইল-২ আসনটি বিএনপির দখলেই থাকত।

রবিবার (১৫ মার্চ) সন্ধ্যায় নড়াইল সদর উপজেলার তুলারামপুর এলাকায় আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তুলারামপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সাইদুর রহমান সাদি মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ। জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাবের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামাদলের সভাপতি মাওলানা তৈয়েবুর রহমান।

ড. ফরিদুজ্জামান ফরহাদ বক্তব্যে বলেন, যারা ধানের শীষ প্রতীকে তাকে ভোট দিয়েছেন তাদের প্রতি তিনি কৃতজ্ঞ। তবে দলের সঙ্গে যারা বেইমানি ও বিশ্বাসঘাতকতা করেছেন, তাদের বিচার তিনি তুলারামপুরের জনগণের ওপর ছেড়ে দিয়েছেন। তিনি আরো বলেন, যেসব ষড়যন্ত্রের কারণে নড়াইল-২ আসনে বিএনপির পরাজয় হয়েছে, সেসব কর্মকাণ্ড দলীয় নেতাকর্মীদের ভুলে যাওয়া উচিত নয়।

তিনি দাবি করেন, মিরজাফরি ও বিশ্বাসঘাতকতা না হলে এই আসনে বিএনপি জয়ী হতো। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তারেক রহমানের সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করেছে, তাদের কখনো বিশ্বাস করা যায় না বলেও মন্তব্য করেন তিনি।

ড. ফরহাদ বলেন, বিএনপি সরকার গঠন করেছে, তাই নড়াইল-২ আসনের উন্নয়ন কার্যক্রমে কোনো সমস্যা হবে না। তারেক রহমান জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন।

তিনি আরো বলেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি নড়াইলের সন্তান হিসেবে সবসময় জনগণের পাশে থাকার প্রতিশ্রুতিও দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব মুর্শেদ জাপল, সাবেক সহসভাপতি আসাদুজ্জামান জামান ও অশোক কুন্ডু, লোহাগড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হেমায়েত হোসেন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক টিপু সুলতান, লোহাগড়া পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোল্যা নজরুল ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল হক আজাদ, নড়াইল পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল খবির রেজা, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাচ্চু, জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আরিফুজ্জামান মিলন, জেলা কৃষকদলের সাবেক আহ্বায়ক নবীর হোসেন এবং জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাসসহ দলীয় নেতাকর্মীরা।

উল্লেখ্য, নড়াইল-২ সংসদীয় আসনে জামায়াতে ইসলামী প্রার্থী আতাউর রহমান বাচ্চু বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন জেলা বিএনপির বহিষ্কৃত সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম এবং বিএনপির প্রার্থী ড. এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন