শিরোনাম
রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশ: ১৯:৩২, ১৩ মে ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মাস্টারপাড়া এলাকার বাসিন্দা গরু বিক্রেতা ছলিমুল্লাহ একটি গরু বিক্রি করে ৬১ হাজার টাকা পান। পরে প্রতারক চক্র কৌশলে তার কাছ থেকে পুরো টাকাই হাতিয়ে নেয়। প্রতারণার শিকার হওয়ার পর তাকে শারীরিকভাবে দুর্বল অবস্থায় বাজারে ঘোরাফেরা করতে দেখা যায়। একপর্যায়ে তিনি অজ্ঞান হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এছাড়া একই কৌশলে অপর এক গরু বিক্রেতা বিকাশ চাকমার কাছ থেকেও ১ লাখ ৮০ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
স্থানীয়দের ধারণা, ঈদকে সামনে রেখে একটি প্রতারক চক্র হাটে সক্রিয় হয়েছে এবং সুযোগ বুঝে গরু বিক্রেতাদের টার্গেট করছে।
স্থানীয় গরু ব্যবসায়ী শাহ আলম বলেন, “দুই ব্যবসায়ীর কাছ থেকে সবমিলিয়ে ২ লাখ ৪১ হাজার টাকা নিয়ে গেছে প্রতারক চক্র। একজনের সন্ধান পাওয়া গেলেও আরেক ব্যবসায়ী বর্তমানে কোথায় আছেন তা কেউ জানে না।”
এ বিষয়ে বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছির উদ্দিন মজুমদার বলেন, “এ ঘটনায় এখনো কোনো ভুক্তভোগী লিখিত অভিযোগ করেননি। তবে বিষয়টি আমাদের নজরে এসেছে। খবর পাওয়ার পরপরই মোবাইল টিম পাঠানো হয়েছে এবং হাট এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।”
তিনি আরও বলেন, “বাজার কমিটির সঙ্গেও কথা হয়েছে। আগামীতে পুলিশের পাশাপাশি বাজার কমিটির পক্ষ থেকেও স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। প্রথম বাজার হওয়ায় এবার পর্যাপ্ত ভলান্টিয়ার ছিল না। পরবর্তীতে নিরাপত্তা ব্যবস্থায় আরও সমন্বয় বাড়ানো হবে।”
ঢাকা এক্সপ্রেস /ইউকে