শিরোনাম
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ১৪:১৯, ২৩ জুলাই ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
কুমিল্লার দাউদকান্দিতে বিদেশি পিস্তলসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২২জুলাই) তিতাস উপজেলার থৈরখোলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাহবুব সম্রাট (৩৪)। তিনি তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের শোলাকান্দি গ্রামের মোশারফ হোসেন ওরফে মুকবুল মেম্বারের ছেলে। ২০২৫ সালের ২৫ জুলাই গৌরীপুর বাসস্ট্যান্ডে সন্ত্রাসীদের হাতে নিহত মামুন সম্রাটের ছোট ভাই মাহবুব সম্রাট।
বুধবার রাতে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রে সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার মো. ইব্রাহিম খলিল এতথ্য জানিয়েছেন।
মো. ইব্রাহিম খলিল জানান, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাইফুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মালিগাঁও ইউনিয়নের থৈরখোলা গ্রামে অভিযান চালায়। মাহাবুব সম্রাট পুলিশের উপস্থিতি দেখে সেখান থেকে দ্রুত পালানোর চেষ্টা করছিল ।
তিনি জানান, পুলিশ সদস্যরা তাকে আটক করে দেহ তল্লাশি করে। এসময় তার কোমর থেকে গুলি ভর্তি ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। তার নামে মাদক, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সংবাদ সম্মেলনে দাউদকান্দি মডেল থানার ওসি মো. সাজেদুল ইসলাম উপস্থিত ছিলেন।
ঢাকা এক্সপ্রেস/এসএস