শিরোনাম
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ০৯:৫৮, ২৪ জুলাই ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
কুমিল্লা সরকারি মহিলা কলেজের এইচএসসি পরীক্ষাকেন্দ্রে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এ কারণে সাত শিক্ষককে ওএসডি করা হয়েছে। তারা চলতি বছরের এইচএসসি পরীক্ষাকেন্দ্র ব্যবস্থাপনার সঙ্গে জড়িত ছিলেন। ওএসডি করা শিক্ষকদের কক্সবাজার, সিলেট, বরগুনাসহ বিভিন্ন জেলায় সরকারি কলেজে সংযুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখার উপসচিব মো. আ. কুদদুস স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
ওএসডি হওয়া শিক্ষকদের মধ্যে কুমিল্লা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ এ কে এম জহিরুল আলমকে চৌদ্দগ্রামের চিওড়া সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে, গণিত বিভাগের অধ্যাপক মো. আবদুল মালেককে কক্সবাজার সরকারি কলেজে, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কনক বড়ুয়াকে নোয়াখালীর হাতিয়া দ্বীপ সরকারি কলেজে, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ উল্লাহ মজুমদারকে লক্ষ্মীপুর সরকারি কলেজে, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ নূর উল্লাহকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি কলেজে, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মো. আল-আমিনকে সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজে ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মহসীনকে বরগুনা সরকারি কলেজে সংযুক্ত করা হয়েছে।
এর মধ্যে উপাধ্যক্ষ এ কে এম জহিরুল আলম পরীক্ষা ব্যবস্থাপনায় ছিলেন না। আবদুল মালেক অন্য শিক্ষকরা দায়িত্ব না নেয়ায় ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্বে ছিলেন। কনক বড়ুয়া পরীক্ষা কমিটির আহবায়ক ও মোহাম্মদ মহসীন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ছিলেন।
গত শনিবার ১৮ জুলাই দুপুরে কুমিল্লা-৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী কলেজে যান। এসময় তিনি কলেজে জলাবদ্ধতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। পরীক্ষা ব্যবস্থাপনা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন। পরে তিনি শিক্ষকদের নিয়ে বৈঠকে বসেন। সেখানে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এতে সরকারের ও শিক্ষামন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।
তবে শিক্ষকদের দাবি, এ কলেজে প্রতিষ্ঠালগ্ন থেকে পরীক্ষাকেন্দ্র আছে। ওইদিন সকালের বৃষ্টিতে জলাবদ্ধতা হয়। কিন্তু ওই কেন্দ্রে কোনো পরীক্ষার্থী অনুপস্থিত ছিল না। পরীক্ষা যথাসময়ে হয়েছে। বৃষ্টির কারণে পানি জমায় তাদের ওএসডি করা হয়েছে।
তবে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বদলি একটা নিয়মিত ব্যাপার। মন্ত্রণালয় যে কাউকেই বদলি করতে পারে।
এর আগে গত ১৩ জুলাই সকালে অতিবৃষ্টির কারণে কুমিল্লা সরকারি মহিলা কলেজে জলাবদ্ধতা হয়। তখন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু ডিঙি নৌকা, ভ্যানগাড়ি এনে পরীক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে কলেজে পৌঁছান। কলেজের শিক্ষকরাও ছাত্রীদের এগিয়ে নেন কেন্দ্রে।
ঢাকা এক্সপ্রেস/এসএস