ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮

হাসপাতালের বাথরুমে সরকারি ওষুধ দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১০:৩০, ২৬ জুলাই ২০২৬

হাসপাতালের বাথরুমে সরকারি ওষুধ দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

ছবি: ঢাকা এক্সপ্রেস

বাগেরহাটের মোরেলগঞ্জ ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এসময় তিনি বাথরুমে ছড়ানো-ছিটানো সরকারি ওষুধ দেখতে পান। এছাড়া বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ দেখে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

এ ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ারও নির্দেশ দিয়েছেন তিনি।

শনিবার (২৫ জুলাই) সকালে হঠাৎ করেই মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী।

হাসপাতালের বিভিন্ন বিভাগ, ওয়ার্ড, ওষুধ সংরক্ষণাগার ও অন্যান্য স্থাপনা ঘুরে দেখার সময় তিনি বাথরুমে সরকারি ওষুধ ছড়িয়ে-ছিটিয়ে থাকা এবং বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ দেখতে পান। বিষয়টি নিয়ে তাৎক্ষণিক অসন্তোষ প্রকাশ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের মন্ত্রী বলেন, আমার দেশের দরিদ্র মানুষ ওষুধ পায় না, আর এখানে লক্ষ লক্ষ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ পড়ে আছে। বাথরুমেও সরকারি ওষুধ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, বিগত সরকারের সময় স্বাস্থ্য খাতে সীমাহীন অনিয়ম, দুর্নীতি ও অর্থ লুটপাটের কারণে দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। বর্তমান সরকার সে অবস্থা থেকে উত্তরণে চিকিৎসাসেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করছে।

মন্ত্রী আরও জানান, জনগণের দোরগোড়ায় আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে দেশের ৫০ শয্যার হাসপাতালগুলো পর্যায়ক্রমে ১০১ শয্যায় উন্নীত করা হচ্ছে। চিকিৎসাসেবার মান বৃদ্ধি এবং স্বাস্থ্য প্রতিষ্ঠানে জবাবদিহিতা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রসঙ্গে তিনি বলেন, অল্প সময়ের মধ্যেই হাসপাতালটিকে ১০১ শয্যায় উন্নীত করার টেন্ডার প্রক্রিয়া শুরু হবে এবং দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেয়া হবে।

একই দিন দুপুরে স্বাস্থ্যমন্ত্রী শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। পরে বিকেলে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে গিয়ে চিকিৎসক, নার্স ও কর্মচারীদের উপস্থিতি, ডিউটি রোস্টার এবং হাসপাতালের সার্বিক কার্যক্রম তদারকি করেন। তিনি বিভিন্ন ওয়ার্ড ও হাসপাতালের রান্নাঘরও পরিদর্শন করেন।

স্বাস্থ্যমন্ত্রীর সফরকালে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাসান মো. নাসের রিকাবদারসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন