ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮

সাবেক মেয়র আইভীর জামিন বহাল

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১১:৪৭, ২৮ জুলাই ২০২৬

সাবেক মেয়র আইভীর জামিন বহাল

ছবি: ঢাকা এক্সপ্রেস

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। পুলিশের কাজে বাধা ও হামলার অভিযোগে দায়ের করা মামলায় তিনি আদালতে হাজিরা দিয়েছেন। এসময় আদালত তার আগের জামিন বহাল রেখেছেন রাখেন।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালতে উপস্থিত হন তিনি।

একই সঙ্গে মামলার চার্জশিট দাখিল না হওয়া পর্যন্ত তার পক্ষে আইনজীবীর মাধ্যমে হাজিরা দেওয়ার আবেদনও মঞ্জুর করেছেন আদালত।

আদালত প্রাঙ্গণ থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইভী। তিনি বলেন, আমি সবসময় হত্যার বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। আজ আমিই কী অপরাধী? এর বিচার আল্লাহ আছেন, নারায়ণগঞ্জবাসী আছেন। তারাই দেখবেন।

আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, দীর্ঘদিন কারাবন্দি থাকার কারণে তার শারীরিক অবস্থার বিষয়টি বিবেচনায় নিয়ে আদালতের কাছে আইনজীবীর মাধ্যমে হাজিরা দেয়ার আবেদন করা হয়েছিল। আদালত সে আবেদন মঞ্জুর করেছেন।

তিনি বলেন, চার্জশিট দাখিল না হওয়া পর্যন্ত আইভীর পক্ষে আইনজীবী আদালতে হাজিরা দেবেন। তবে সাক্ষ্যগ্রহণ ও বিচার কার্যক্রম শুরু হলে তাকে ব্যক্তিগতভাবে আদালতে উপস্থিত হতে হবে।

তিনি আরও বলেন, আইভী সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং অতীতেও তা প্রমাণ করেছেন।

আইনজীবী আরও জানান, কেবল এ মামলার ক্ষেত্রেই আদালত আইনজীবীর মাধ্যমে হাজিরার অনুমতি দিয়েছেন। আইভীর বিরুদ্ধে থাকা অন্য মামলাগুলোর বিষয়ে এখনো এ ধরনের কোনো আদেশ হয়নি।

এদিকে কোর্ট পুলিশ পরিদর্শক আব্দুস সামাদ জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় আদালতে হাজিরা দেয়ার পর সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর আগের জামিন বহাল রাখা হয়েছে।

মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ৯ মে ভোরে শহরের দেওভোগ এলাকার ‘চুনকা কুটির’ থেকে আইভীকে গ্রেফতার করা হয়। তাকে গ্রেফতার করতে গেলে রাতভর পুলিশ ও স্থানীয়দের মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। পরে ভোরে তাকে নিয়ে যাওয়ার সময় তার সমর্থকেরা পুলিশকে বাধা দেয় এবং পুলিশের গাড়িবহরে হামলা চালায় বলে অভিযোগ করা হয়। এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়, যেখানে আইভীকেও আসামি করা হয়েছে।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন