শিরোনাম
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৩:০৯, ২ আগস্ট ২০২৬ | আপডেট: ১৩:১০, ২ আগস্ট ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
সুনামগঞ্জের জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ নৌকাডুবিতে নিখোঁজ আরও ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহত সংখ্যা বেড়ে ৪ জন।
রোববার (০২ আগস্ট) সকালে উপজেলার মইয়ার হাওরের রোয়ারকারা নামক স্থান থেকে এ দুইজনের ভাসমান মরদেহ পাওয়া যায়।
তারা হলেন- জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর এলাকার মৃত জগিন্দ্র দেবনাথের ছেলে হেমেন্দ্র দেব নাথ (৩৭) ও একই এলাকার মৃত অনিল দেব নাথের ছেলে অধীর দেবনাথ (৩৫)।
এর আগে শনিবার (০১ আগস্ট) একই এলাকার মৃত সুবল দেব নাথের ছেলে সত্যেন্দ্র নাথ সতী (৬৫) ও মৃত অনিল দেব নাথের ছেলে অরুণ দেবনাথের (৪৫) মরদেহ উদ্ধার করে ডুবুরিদল।
জগন্নাথপুর থানার ওসি শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন <<>> কীর্তন দেখে ফেরার পথে নৌকাডুবে নিহত ১, নিখোঁজ ৩
তিনি জানান, নিহতদের পরিবারের কারো কোন অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
প্রসঙ্গত, গত শুক্রবার (৩১ জুলাই) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে পূর্ব ভবানীপুর এলাকার একটি ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে মইয়ার হাওরের বালুচর নামক স্থানে নৌকাটি ডুবে যায়।
এসময় নৌকায় থাকা ৯ জনের মধ্যে ৫ জন সাঁতার কেটে তীর উঠলেও ৪ জন নিখোঁজ হন। পরে শনিবার সুনামগঞ্জ ও সিলেট ফায়ার সার্ভিসের দুটি ডুবুরিদল যৌথভাবে নিখোঁজদের উদ্ধারে অভিযান চালিয়ে দুই জনের মরদেহ উদ্ধার করে।
ঢাকা এক্সপ্রেস/এসএস