ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮

যৌতুক কম দেয়ায় স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ০৯:৩৯, ১৭ আগস্ট ২০২৬

যৌতুক কম দেয়ায় স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেফতার

ছবি: ঢাকা এক্সপ্রেস

নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রী সুমি আক্তারকে (২১) হত্যা করে স্বামী ইসমাইল হোসেন (২৫) । এ অভিযোগের পর স্বামী পালিয়ে ছিলেন। অবশেষে চট্টগ্রাম থেকে তাকে গ্রেফতার করেছে র‍্যাব।
‎
‎রোববার (১৬ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু।
‎
‎এর আগে শনিবার (১৫ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে চট্টগ্রাম নগরের ফৌজদারহাট এলাকা থেকে ইসমাইল হোসেনকে গ্রেফতার করে র‍্যাব।
‎
‎গ্রেফতার ইসমাইল হোসেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দিলিলপুর গ্রামের মাইজা বেপারী বাড়ির এনামুল হক বাবুলের ছেলে।
‎
‎র‍্যাব জানায়, ঈদুল আজহাকে কেন্দ্র করে স্ত্রী সুমি আক্তারের কাছে ছাগল ও স্টিলের আলমারি অথবা ৫০ হাজার টাকা যৌতুক দাবি করেন ইসমাইল। ভুক্তভোগীর বাবা কিছু টাকা পাঠালেও দাবিকৃত টাকার পরিমাণ কম হওয়ায় গত বছরের ৬ জুন রাতে সুমিকে এলোপাতাড়ি মারধর করেন তিনি।
‎
‎পরে গুরুতর আহত সুমিকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
‎
‎এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের অভিযোগের পর আদালতের নির্দেশে বেগমগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়। মামলায় ইসমাইল হোসেনকে প্রধান আসামি করা হয়েছে।
‎
‎র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু জানান, গ্রেফতার ইসমাইল হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাকে চট্টগ্রামের আকবরশাহ থানায় হস্তান্তর করা হয়েছে।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন