ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৮ জমাদিউস সানি ১৪৪৮

ঝিনাইদহে ছাত্রদলের মামলায় জামিন পেলেন এনসিপি নেতা তারেক রেজা

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১৭:৪১, ২৫ মে ২০২৬

ঝিনাইদহে ছাত্রদলের মামলায় জামিন পেলেন এনসিপি নেতা তারেক রেজা

ছবি: সংগৃহীত

ঝিনাইদহে ছাত্রদলের দায়ের করা মামলায় গ্রেপ্তার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা জামিন পেয়েছেন।

সোমবার (২৫ মে) সকাল ১০টার দিকে ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার পক্ষে জামিন আবেদন করেন আইনজীবীরা। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। পরে সকাল সাড়ে ১০টার দিকে ঝিনাইদহ জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি।

তবে একই মামলায় গ্রেপ্তার ছাত্রশক্তির কেন্দ্রীয় সদস্য অয়ন রহমান খানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

এর আগে রোববার (২৪ মে) সন্ধ্যায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা ও ছাত্রশক্তির কেন্দ্রীয় নেতা অয়ন রহমানকে ঝিনাইদহ আদালতে সোপর্দ করে সদর থানা পুলিশ। বাদী ও বিবাদীপক্ষের শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি রাতে জরুরি প্রেস ব্রিফিংয়ে নিশ্চিত করেন ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন।

জেলা এনসিপি সূত্রে জানা গেছে, ছাত্রদল নেতার মামলায় জাতীয় যুবশক্তির নেতা অয়ন রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদে শহরের ফ্যামিলি জোন কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেই সংবাদ সম্মেলনে অংশ নিতে যাওয়ার পথে তারেক রেজাকে আটক করে পুলিশ।

ঘটনার সূত্রপাত গত শুক্রবার (২৩ মে) জুমার নামাজের পর ঝিনাইদহ পুরাতন কালেক্টরেট জামে মসজিদের সামনে এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপকে কেন্দ্র করে। এ ঘটনাকে ঘিরে ছাত্রদল, এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় ২২ মে রাতে এনসিপি নেতা তারেক রেজা বাদী হয়ে জেলা ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি ও ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়কসহ আটজনের নাম উল্লেখ করে মোট ১২৩ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

পরদিন ২৩ মে সকালে জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এনামুল কবির বাদী হয়ে তারেক রেজাসহ এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২২ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৬০ জনের বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের করেন। ওই মামলায় প্রথমে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অয়ন রহমান খানকে গ্রেপ্তার করে। পরে তারেক রেজাকেও আটক করা হয়।

রোববার রাত ১১টার দিকে প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন জানান, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেকুল ইসলাম ওরফে তারেক রেজা সংবাদ সম্মেলনে যোগ দিতে ঝিনাইদহে আসেন। নিরাপত্তার স্বার্থে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে তার বিরুদ্ধে মামলা থাকায় আদালতে সোপর্দ করা হয়।

একই ব্রিফিংয়ে তিনি আরও জানান, শনিবার রাতে যশোর থেকে ছাত্রশক্তির কেন্দ্রীয় নেতা অয়ন রহমান খানকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। পরে তাকে রোববার আদালতে হাজির করা হয়।

ঢাকা এক্সপ্রেস /ইউকে

আরও পড়ুন