ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৮ জমাদিউস সানি ১৪৪৮

আত্মীয়তার বন্ধন রক্ষায় ইসলামের নির্দেশনা

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৭:৩২, ২৮ আগস্ট ২০২৬

আত্মীয়তার বন্ধন রক্ষায় ইসলামের নির্দেশনা

ফাইল ছবি

আত্মীয়-স্বজনের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করতে উৎসাহিত করেছে ইসলাম। আত্মীয়দের সঙ্গে সদাচরণ ও সুসম্পর্ক বজায় রাখাকে ইসলামের সামাজিক শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচনা করা হয়েছে।

মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ‘আর তোমরা নিকটাত্মীয়, মিসকিন ও মুসাফিরদের হক আদায় কোরো এবং অপচয় কোরো না।’ (সুরা : বনি ইসরাঈল, আয়াত : ২৬)

নবীজি (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিবসের প্রতি বিশ্বাস রাখে, সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে।’ (সহিহ বুখারি, হাদিস : ৬১৩৬)

আত্মীয়তার সম্পর্ক রক্ষার পুরস্কার

কোরআন ও হাদিসে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার বিভিন্ন প্রতিদান ও সুফলের কথা বলা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো—

১. রিজিক বৃদ্ধি

আত্মীয়-স্বজনের সঙ্গে সুসম্পর্ক ও হৃদ্যতা রিজিক বৃদ্ধির কারণ হয়। নবীজি (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি তার ধন-সম্পদে সমৃদ্ধি এবং জীবনে দীর্ঘায়ু কামনা করে, সে যেন আত্মীয়তার বন্ধন রক্ষা করে।’ (সহিহ বুখারি, হাদিস : ৫৯৮৬)

২. আয়ু বৃদ্ধি

মহানবী (সা.) বলেছেন, ‘যাকে আনন্দ দেয় তার রিজিক বৃদ্ধি এবং জীবনের আয়ু দীর্ঘ হোক, সে যেন আত্মীয়তার বন্ধন রক্ষা করে।’ (সহিহ বুখারি, হাদিস : ৫৬৩৯)

৩. দ্রুত সওয়াব লাভ

আত্মীয়-স্বজনের সঙ্গে সদাচরণের প্রতিদান দ্রুত লাভ করেন একজন মুমিন। দুনিয়া অথবা আখিরাতে এর সুফল পাওয়া যায়।

জাবের (রা.) বলেন, একবার আমরা নবীজি (সা.)-এর আশপাশে জড়ো হয়ে ছিলাম। তিনি বললেন, ‘হে মুসলমানরা! তোমরা আল্লাহকে ভয় করো এবং আত্মীয়-স্বজনের সঙ্গে সদাচরণ করো। কেননা আত্মীয়তার বন্ধন রক্ষার চেয়ে দ্রুত পুণ্য লাভ হয় এমন আমল নেই।’ (মাজমাউজ জাওয়িদ : ৫/১২৫)

৪. বিপদ-আপদ থেকে সুরক্ষা

আত্মীয়তার সম্পর্ক রক্ষার মাধ্যমে বিভিন্ন অপ্রীতিকর বিষয় থেকে রক্ষা পাওয়ার কথাও হাদিসে এসেছে। নবী কারিম (সা.) বলেন, ‘নিশ্চয়ই সদকা ও আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে আল্লাহ রিজিক বৃদ্ধি করেন, অপমৃত্যু থেকে রক্ষা করেন এবং অপ্রীতিকর বিষয়াদির মুখোমুখি হওয়া থেকে রক্ষা করেন।’ (মুসনাদে আবু ইয়ালা, হাদিস : ৪৪০৪)

নবী (সা.) আরও ইরশাদ করেন, ‘যাকে আনন্দ দেয় তার জীবনের আয়ু বৃদ্ধি হওয়া, রিজিক প্রশস্ত হওয়া এবং তার থেকে অপমৃত্যু রোধ হওয়া, সে যেন আল্লাহকে ভয় করে এবং আত্মীয়তার বন্ধন বজায় রাখে।’ (মুস্তাদরাকে হাকেম : ৪/১৬০)

৫. পারস্পরিক ভালোবাসা তৈরি

আত্মীয়তার বন্ধন বজায় রাখলে পরিবারের সদস্য ও স্বজনদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও সম্প্রীতি তৈরি হয়। নবীজি (সা.) বলেছেন, ‘নিজ বংশ (আত্মীয়-স্বজন) সম্পর্কে জ্ঞান রাখো, যাতে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে পারো। কেননা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা নিকটজনদের ভালোবাসা তৈরি হওয়ার মাধ্যম।’ (সুনানে তিরমিজি, হাদিস : ১৯৭৯)

আত্মীয়তার সম্পর্ক রক্ষার মধ্যে দুনিয়া ও আখিরাত—উভয় জাহানের কল্যাণ রয়েছে। তাই পারিবারিক ও সামাজিক জীবনে আত্মীয়তার বন্ধন অটুট রাখা একজন মুমিনের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

আল্লাহ তাআলা আমাদের আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার তাওফিক দান করুন। আমিন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন